সাধু দাদুর বিয়ে
বিকাশ পণ্ডিত
আমার দাদুর মামাতো ভাই সেও আমার দাদু;
সবাই ডাকে -- সাধুচরণ, দাদু ডাকেন -- সাধু।
সাধু কিনা কেউ জানে না, পানটি মুখে পুরে;
ফাগুন এলেই গান গেয়ে যান অচেনা এক সুরে।
অবাক সবাই ভাবতে থাকে, ভাবছে দিনে-রাতে --
কখন দাঁড়ান কদম ছায়ায়, কখন ঘোরেন ছাতে।
বেশুতবারের দুপুর বেলা নিথর নিথর ঘরে --
দাদু চেঁচান -- সাধু আমার ঘায়েল পঞ্চশরে।
ধড়ফড়িয়ে ছুটল সবাই, কিসের এতো খুশি;
দাঁড়িয়ে হাসে মায়ের পাশে টুম্পি-টুকাই, টুসি।
ফাগুন মাসের পঁচিশ তারিখ সাধু দাদুর বিয়ে;
হয়েই গেছে অনেক আগে বকুল পুরে গিয়ে।
সেই দিনটা এলেই আজও দাদু উঠেন গেয়ে --
'ধন্য জীবন, ধন্য আমি, ওগো তোমায় পেয়ে।'
আমরা যত নাতনি-নাতি দিলাম দাদুর বিয়ে ;
বিয়ে তো নয় বিয়ের মতন, ফুলকো লুচি ঘিয়ে।
সাধু দাদুর মাথায় টোপর, ঠাম্মা ঢাকাই শাড়ি ;
আমার দাদু রসিক মানুষ দোলান মিষ্টি হাঁড়ি।
...............................
বিকাশ পণ্ডিত
জিনন্দপুর
বলাগেড়িয়া
পূর্ব মেদিনীপুর

Comments
Post a Comment