ভালোবাসা কারে কয়
সৌমেন দে
ভালোবাসার উন্মুখ বাসনায়
নারীকে পেতে চাওয়া কি সত্যিই ভালোবাসা?
নাকি অবদমিত কামের পীড়নে
নারীকে ছুঁতে চাওয়া নিজের মত করে?
ভালোবাসার গহীন প্রদেশে লুকিয়ে থাকা
নিখাদ বিশ্বাসের মহীরুহ,
যৌন সংসর্গের আদিম তাড়নায়
লুণ্ঠিত হয়, ধর্ষিত হয় প্রতিক্ষণে।
ভালোবাসা সাগরের মত সীমাহীন
নারীর নাভি কূপের গভীরতা আবদ্ধ জলাশয়।
সমুদ্রের বিস্তারে যে রঙের বাহারি শোভা
ক্ষুদ্র যোনি প্রদেশে কি খুঁজে পাব সেই বিভোরতা?
তবু শরীর চায় শরীরের উষ্ণ সান্নিধ্য,
ভালোবাসার হাত ধরে নিশ্চুপে ছোবল হানে
উদ্যত অসংযত 'লিবিডো'--এটাই বাস্তব।
ভালোবাসা শুধু জীবনভর অন্বেষণ বই আর কিছু নয়,
আর রিপুর আবেগে খুঁজে নেওয়া পরিতৃপ্তির
স্বল্পস্থায়ী আবেশ--উত্তেজনার প্রশমন মাত্র।
ভালোবাসা আকাশের মত আর নারীকে আশ্লেষের ইচ্ছা
কেবলই ঐহিক সুখের আকাশে পাখা বিস্তার।
ভালোবাসা এক অনুশীলন --
জীবনভর এক সাধনার ফসল।
.......................
সৌমেন দে
উত্তরপাড়া/হুগলি

Comments
Post a Comment