যাকে ভালোবাসা বলি
প্রতীক মিত্র
তবু ফিরে যাই
অগভীর স্তব্ধতাগুলো গুঁড়িয়ে
ভালবাসার কাছে।
বয়সের আঠালো আলসেমিতে
ভুলে যাওয়া স্বপ্নের কিছু স্পন্দন বাঁচে।
আলো-আধাঁরের পিছু
যেতে যেতে
যে নিয়মগুলো দিয়ে ছিলাম পুড়িয়ে
পড়ে থাকে তাদের ছাই
সঙ্গতির বাড়ানো হাতে।
তারপর পথের মুখোমুখি
অধিকাংশই চেনা ছন্দ, কিছুটা ঝুঁকি;
প্রাসঙ্গিকতার অন্বেষণের পর
রয়ে যায় অবশেষ।
স্মৃতি, অনুষঙ্গেরা হঠাৎ তৎপর।
আমি যাকে ভালবাসা বলি,
তোমার চোখে কি সেটাই পুরোনো অভ্যেস?
............................
প্রতীক মিত্র
কোন্নগর, হুগলী

Comments
Post a Comment