রঙ
মনোজ ঘোষ
সাধারণ পুরুষ রঙ চেনে
বড়জোর আটটি
সাধারণ নারী দুশো পঁচাত্তরটি
নারীদের কফি মোকা তামা দারুচিনি
পুরুষরা দেখে শুধুই বাদামী
পুরুষের চোখে যা সবুজে সবুজ মেয়েদের কাছে তা রঙের সুন্দরবন
সাদার মধ্যে নারী দেখে গোটা আন্টার্কটিকা
তার রঙের সাগর পুরুষের চোখে
নিছকই নীল
কয়লাখনিতে
রাঢ়ে নদীর চরে ঘুৱতে ঘুৱতে চোখ পেরেছে চিনতে
বাদামী মাটি ধুলো কাদার
হালকা রঙ
খনির আগুনে কঠিন রোষে
উত্তপ্ত নিশি
শীতল হয়ে আসা ধূসর ছাই
নীল থেকে অন্য নীল
কালো থেকে অন্য কালো
গোধূলিতে আকাশ জুড়ে
রঙের বলয়
কখনো ঘুমের রঙের মতো
নির্জন সাদাটে সে আলো
ঝলমলে হঠাৎই ঝলকায়
ভোরের মুখে বিবর্ণ রঙগুলো
চিনে রাখতে পারি না
যেমন জানলার স্বচ্ছ পর্দা দিয়ে দেখা
সাদা গোলাপের শুভ্রতার রঙ
কফির সঙ্গে মেশানোর পর
বাদামী হওয়ার আগে
দুধের আবর্তিত রঙের
আঙরাখা
চিনে রাখতে চাই কিন্তু পারি না
.............................
মনোজ ঘোষ
অক্সি টাউনসরসুনা
কলকাতা ৭০০০৬১

Comments
Post a Comment