একুশের লড়াই
বিধাত্রী চট্টোপাধ্যায়
ফেব্রুয়ারি মানে একুশ তারিখ—রক্ততে ভেজা ফুল,
ভাষার লড়াই আজও চলছে সে হয়নি তা নির্মূল।
নিজের কণ্ঠ চাপা পড়ে যায় বোবা শব্দের জলে,
ভাষা হারাবার যন্ত্রণাঘন সে বোধ কি ভোলা চলে?
চিৎকার যত আটকিয়ে আছে শহর এবং গ্রামে,
সেগুলোও বুঝি কিনে নেবে ওরা কোনোদিন দর-দামে!
তারপর শুধু শেখানো কথায়—'মেক ফিল ভেরি হ্যাপি',
ক্ষমতাবানের প্রচারক হবে মানুষ বিশ্বব্যাপী।
বর্ণমালার অক্ষরগুলো জেনে যাবে নিশ্চয়,
স্বাধীনভাবে তো কোনোটিই তারা আসলেতে ভাষা নয়।
লুট হয়ে গেছে অনুভূতিগুলো, খুন হয়ে গেছে স্বর,
প্রাণহীন যত উচ্চারণ তা— সবই যে অবান্তর।
ফেব্রুয়ারি তাই স্মরণ করায় রক্ততে ভেজা ফুল,
একুশে লড়াই এখনো চলছে—হয়নি তা নির্মূল।
.............................
বিধাত্রী চট্টোপাধ্যায়।
ওল্ড নিমতা রোড, বেলঘরিয়া,
কলকাতা- ৭০০০৫৬।

Comments
Post a Comment