বাংলা আমার মা
অশোক দাশ
আমার ছেলের রক্তে আঁকা
বাংলা মায়ের মুখ,
আমার শিশুর কান্না ভেজা কন্ঠে
মা-মা ডাকে অনাবিল সুখ।
ফুটছে শিশুর আধো বোলে
কানে শোনা কথা,
প্রথম পাঠে পড়ছে কেমন
আতা গাছে তোতা পাখি যথা।
প্রথম চিঠি লাজে রাঙা আবেগে
প্রেম পত্রের হাতেখড়ি,
মাতৃ ভাষায় মনের কথা প্রাণের কথা
উজাড় করে লিখি।
বনে-বনে গাইছে পাখি
নিজের ভাষায় গান,
ছলাৎ-ছলাৎ নদীর বুকে গাইছে মাঝি
জীবন জয়ের আখ্যান।
লুটিয়ে পড়ে পলাশ শিমুল
হাসনুহানা গন্ধে আকুল,
সৌরভে বিকশিত প্রস্ফুঠিত
জোয়ার বানে ভাষায় দু'কূল।
সবার সেরা, সেরার সেরা
মাতৃভাষা বাংলা আমার মা,
আকাশ ভরা সূর্য তারার মাঝে
শাশ্বত ধ্রুবতারা।
আমার ভাষা বাংলা ভাষা
অহংকারের অলংকার,
বিশ্বসভায় শ্রেষ্ঠত্বের শিরোপা
জানে না মানতে হার।
================
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।

Comments
Post a Comment