
এক ঠোঙা প্রেম
বিজয়া মিশ্র
ফাগুন দিচ্ছে মুচকি হাসি
উদাস শীতের ক্লান্ত চাহনি,
আড়মোড়া দেয় কৃষ্ণচূড়া
আম্রমুকুলে ভরা লাবনী।
অন্য বাতাস মনের ঘরে
গোলাপ সুবাস আনকোরা,
সুযোগ খুঁজছে পাগল চিত্ত
গন্ধে মাতাল হৃদ্ ভোমরা।
প্রপোজ ডে উঁকিঝুঁকি দেয়
খুঁজছে হৃদয় দুরুদুরু বুক,
কে কার সামনে ঝুঁকবে আগে
সেই ভাবনায় চোখ উজবুক।
সুখ পেতে দুখ পরিক্রমায়
মনের সাথে খুনসুটি রোজ,
কতবার ভেঙে গড়ার চেষ্টা
অঝোর ধারায় মাটির খোঁজ।
মোড়কে সব দুঃখ গুছিয়ে
পাট ভাঙা ড্রেস চিন্তাহীন,
গাইছে শিমূল পলাশ অশোক
টক ঝাল মিষ্টি প্রেম রঙিন।
Comments
Post a Comment