অদেখা চিঠির নদী
দেবব্রত মণ্ডল
তোমার নামে লিখেছিলাম একশো চিঠি,
কিন্তু পাঠাইনি একটাও—
কারণ জানতাম, পৌঁছালে
ফিরে আসবে না আমার কাছে আমার ব্যথারা।
প্রতিটি অক্ষরে ছিল জমে থাকা কান্না,
প্রতিটি লাইনে ছিল নিঃশব্দ অপেক্ষা।
রাত্রি জেগে জেগে
আমি শব্দের মধ্যে লুকিয়ে রাখতাম তোমার মুখ,
যেন ভোর এলে
আলো এসে কেড়ে নিতে না পারে তোমাকে।
তুমি জানো না,
তোমার নাম উচ্চারণ করলে
আমার বুকের ভিতর
একটা সমুদ্র ভেঙে পড়ে।
আমি সাঁতার জানি না,
তবু ডুবে ডুবে বাঁচি—
এই ভেবে যে,
কোনো এক তলায়
তুমি অপেক্ষা করছো আমার জন্য।
==============
দেবব্রত মণ্ডল
Kurumgram, Nalhati, Birbhum-731242, West Bengal

Comments
Post a Comment