'রঙ' বিষয়ক গুচ্ছকবিতা || শিশির আজম
লাল
আপনি এমন কি আপনিও পারেন কোন সুন্দরী টাইপিস্টের
প্রেমে পড়তে
যে আপনি খুবই সহজভাবে জীবনকে দেখেন
জীবনকে নিজের ভেতর দিয়ে বয়ে যেতে দেন
জবরদস্তি ছাড়াই
রং নিয়ে কখনো তেমন ভাবেননি
ধরুন লাল রং
একজন পেইন্টার আর একজন জেনারেলের কাছে
ওর মেজাজ নিশ্চয়ই আলাদা হবে
হ্যা
আমি নিশ্চিত যে নার্ভ ঠিক রেখে একটা তেলাপোকাও
কখনো মারতে পারেননি আপনি
সেই আপনাকে হঠাৎ খুন করে ফেলতে পারে
কোন সুন্দরী টাইপিস্ট
আর এই খুনের ব্যাপারটা নিয়ে
ঘন্টার পর ঘন্টা ধরে কী লিখে নিচ্ছে সে
কি ডকুমেন্ট তৈরি করছে
সেটা তো আপনি জানতেও পারছেন না
কেন না মনিটর তো সাদা
রং নিয়া আমাদের মারাত্মক ভুল ধারণা রইছে
সবুজ
হলুদ
কমলা
নীল
বেগুনী
কালো
সাদা
এগুলা কিন্তু সতিকার রং না
হ
এগুলা সত্যিকার রং হয়া উঠবো
যখন
এগুলারে তুমি
লাল রঙে চুবায়ে নিতে পারবা
লাল রঙের গ্লাস
আজ অব্দি যতোগুলো গ্লাসে আমি জল খেয়েছি
তার সবগুলোর গায়েই ফুল আঁকা
আচ্ছা বাজারে এমন কোন গ্লাস কি পাওয়া যায় না
যার গায়ে আগুন আঁকা
আর আপনারা জানেন
আগুন যখন জ্বলে
তখন তার আকৃতি তাজা একটা ফুলের মতোই
আর লাল
হ্যা
যখন যে অবস্থায়ই আগুনকে আপনি দেখেন না কেন
ওটা লাল
বৃষ্টিতে ছবি আঁকা
বাইরে বৃষ্টি আর ঘরের ভেতর মেয়েটা এক মনে ছবি আঁকছে।
'তোমার তো পছন্দ ফরাসি ইম্প্রেশনিস্ট শিল্পীদের মতো
খোলা আকাশের নিচে
ঝকঝকে রোদে
ছবি আঁকতে,
হ্যা তোমার ভাল লাগা উচিৎ বৃষ্টির ভেতরও ছবি আঁকতে
বৃষ্টিতে ভিজে ভিজে
যদিও বৃষ্টির ভেতর দাঁড়িয়ে ছবি আঁকাটা নিতান্ত অসম্ভব
কেন না
তুমি যা-ই আঁক বৃষ্টি তা ধুয়ে দেবে।'
'আমি তো বৃষ্টির ছবিই আঁকছি, দেখ আমার চিত্রপটে বৃষ্টির নিবিড় আলিম্পন
আর ভিজছি
বৃষ্টিতে
হ্যা বৃষ্টি কিছুই ধুয়ে দেয় না মুছে দেয় না, কিছুই না,
বরং রংগুলো কালচারালি ইম্পেরিয়াল, একই সঙ্গে প্রিমিটিভ, রেখাগুলো তাজা...'
রঙের বিচিত্র প্রকৃতি
সাদা কিছুটা কালো
কালো কিছুটা সবুজ
সবুজ কিছুটা নীল
নীল কিছুটা কমলা
তবে লালের ভিতর লালই সবচে লাল
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শিশির আজম
এলাংগী, কোটচাঁদপুর
ঝিনাইদহ -৭৩৩০
বাংলাদেশ
বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা
কাব্যগ্রন্থসমূহ :
ছাই (২০০৫)
দেয়ালে লেখা কবিতা (২০০৮)
রাস্তার জোনাকি (২০১৩)
ইবলিস (২০১৭)
চুপ (২০১৭)
মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)
মাতাহারি (২০২০)
টি পোয়েট্রি (২০২০)
সরকারি কবিতা (২০২১)
হংকঙের মেয়েরা (২০২২)
আগুন (২০২৪)
চা কফি আর জেনারেল কানেকটিভিটি (২০২৪)
সন্ধ্যায় তিমিমাছ (২০২৫)
এশিয়ার ছাই (২০২৫)
প্রবন্ধগ্রন্থ :
কবির কুয়াশা (২০২৫)

Comments
Post a Comment