দুটি কবিতা ।। উৎপল হালদার
--------------------------------------
১. সহেলি
ওলো আমার অপ্সরী
সুরলোকের সুন্দরী
কোথায় তোর চিত্তরে
কাহার প্রেমে মত্তরে----
নিশিথের পদ্মকলি
ফুটেছিস আঁখি মেলি
মনেতে মোহ সঞ্চারি
যাস কোথা মনপরী----
ও আমার জলপরী
নিভৃতের সহচরী
ওরে নবীন যৌবনা
কেন রে হলি উন্মনা----
তুই প্রাণে মঞ্জুভাষা
যোগাস নতুন আশা
তুই যে মনমোহিনী
চাঁদের বুকে রোহিণী ----
বাঁধিস যে পলে পলে
মায়ার ঐ ইন্দ্রজালে
থাক তুই অচঞ্চলে
হৃদয় রংমহলে----
২. মঞ্জুভাষা
( রূপসী মঞ্জুভাষার প্রতি তাপস চার্বাকের প্রেম নিবেদন)
রজত মাখা রূপবতী পূর্ণিমায়
যায় বয়ে যায় এই ফাগুন রাত
সজনী কোন দেবতার কুঞ্জবনে
মদিরা মজলিসে করগো মৌতাত !
কাঁচা সোনায় গড়ানো নিটোল অঙ্গ
তুমি যে সুন্দরী মদির সুমধুর
মরমে আছে সোহাগ রসের ধারা
রসালের মতো রসেতে ভরপুর !
পান্ন-চুনীর বাহারি রতনচূর
আর ঝলমলে মতির মণিহার
তুমি রাতের স্বপন সৃজন কর
হে স্বপন-পরী,দোসর জোছনার !
আলতা রাঙা আলতো চরণদুটি
ছন্দ তুলে চারু কণকের মঞ্জিরে
বরণের মালা নিয়ে এস প্রেয়সী
অভিসারে এস হৃদয়ের মন্দিরে।
এ মধুযামিনীতে পলাশের রঙে
রাঙা করগো আজ অনুরাগ দিয়ে
সুরে সুরে আজ হয়েছি মশগুল
তোমার অপরূপ রূপসুধা পিয়ে !
কাজল টানা ও দুটি আঁখির পাতে
গোপন রাগের বেশে হিরণ হাসি
সয়ংবরের মালাখানি দাও গো--
ওগো মঞ্জুভাষা,তোমায় ভালবাসি।

Comments
Post a Comment