কড়ানাড়া
মলয় সরকার
আমি অপেক্ষায় থাকি
সুদীর্ঘ দিন মাসের হিসাবের কাল কেটে যায়
অপেক্ষায় থাকি কড়া নাড়ার–
হয়ত কখনও কেউ
আঁচল পেতে বসবে ফসল ভরা মাঠে
উড়িয়ে দেবে শ্বেত কপোতের দল
সাগরবেলার বালিতে আঁচড়ের দাগ পড়ে
সমুদ্র-আস্তরণের সংক্ষুব্ধ স্বননে
একের পর এক
দিগন্ত থেকে দিগন্তে ছুটে যায় দিনরাত্রির কথামালা
নক্ষত্রে নক্ষত্রে চলে বার্তালাপ
অপেক্ষায় থাকি
কেউ কি কড়া নাড়ল!
বুকের ভিতরে বাজে উদ্বেগের ঘন্টা
কান পেতে শুনি নিঃশব্দ ফিসফাস
পরিযায়ী পাখীরা ফিরে আসে
জিজ্ঞাসা চিহ্ন মুখে করে
কেউ কি কড়া নাড়ল!
..................
Malay Sarkar
H C Dutta Road
Kolkata-700115

Comments
Post a Comment