একুশ, তোমায় আমি দিয়ে গেলাম
বুকের তাজা রক্ত
তুমি রক্তের খরস্রোতে ভেঙে দাও হায়নাদের থাবা
গুড়িয়ে দাও জিঞ্জির, আমার বাকশক্তিকে কর মুক্ত।
একুশ, তুমি শুধুমাত্র একটি দিন নও
তুমি আমার কাতর নয়নে স্বপ্ন মিশ্রিত জল
সেই জলের ঢলে পরাধীনতাকে ভসিয়ে নিয়ে যাও
জাগাও শিহরণ, যোগাও প্রতিটি প্রাণে বল।
একুশ, তুমি জানো না তোমার জন্য আমি কি করেছি
রাত জেগেছি, রং হাতে তৈরি করেছি পোস্টার
তোমাকে পাওয়ার লোভে উন্মাদনা যুবকের যৌবনে দেখেছি।
নেমেছি রাজপথে, সাথে বন্ধু দু'জন স্বচ্ছ আর তালুকদার।
একুশ, তোমার কি মনে আছে সেই মুহূর্তের কথা?
যখন বুলেট বৃষ্টি নেমে এসেছিল তোমায় আমায় ঘিরে।
তখন তোমায় আলিঙ্গন করেছিলাম আমি, রক্তে ভেজা মাথা।
পেয়েছিলাম জীবন যৌবনের শ্রেষ্ঠতম স্বাদ চিরতরে।
একুশ, তুমি ভুলেও ভুলে যেওনা আমায়
তোমার চেতনাকে ছড়িয়ে দাও প্রজন্ম থেকে প্রজন্ম
যেন তারা মুগ্ধ হয় তোমার গভীরতায়, প্রশস্ততায়।
তখন ঘুছে যাবে অন্ধকার, নিবে স্বাধীন শিশু জন্ম।
................................
ডা: মোহাম্মদ নাঈম
গ্রাম: মহাদান, উপজেলা: সরিষাবাড়ী, জেলা: জামালপুর

Comments
Post a Comment