দুটি কবিতা ✍️ সিদ্ধার্থ লাহা
নষ্ট চাঁদ
নষ্ট চাঁদ তুমি চলে গেলে।
শিরায় শিরায়
লবণ জলের জোয়ার,
বদ্যি দেখাতে হবে—তুমি ভাবেছো কখনো?
সাদাকালো শীর্ণ জলছবিরা
ভেসে বেড়ায় এদিক সেদিক
বেঁচে আছে , আছে বেঁচে তবু!
কোন একদিন কোজাগরী চাঁদ
দেখবে বলে,
নিজেরাও জেগে ফেরে
আমাকেও দেয় না ঘুমাতে।
নষ্ট চাঁদ—আমার শরীরে
লবণ জলের জোয়ার।
গাল দিয়ে নেমে যায়
সাগরে মেশাবে বলে।
কদম ছায়াতল
তপ্ত মনের বালুকামাঝে—
সবুজ বনানী আঁকে।
বন্যার জলে—নৌকা বাড়িয়ে দেয়,
সাঁতার জানো না বলে।
রাত-গভীরে স্বপ্নের মাঝে
প্রজাপতি হয়ে উড়ে—
তুমি দুঃস্বপ্ন দেখো পাছে।
তেষ্টা কালে
মরু তৃষ্ণার শ্রাবণধারা হয়ে
হৃদয় শীতল করে।
তুমি তাকে চিনেছো কি?
রাস্তার ধারে
কদম ছায়া তলে—
হাতভর্তি কদমফুল,
চোখভর্তি আলো
তোমা পানে চেয়ে।
দিও না ফিরায়ে সে ফুল,
দিও না
শুখায়ে যেতে।
চেয়ে নিও দু’হাত ভোরে।
আকাশ ভর্তি ভালোবাসা
কাজলা কালো মেঘ হয়ে
তোমার শুষ্ক মুখ দেবে মুছে।
ফিরাওনা তারে ।
--------------------------
Siddhartha Sankar Laha,
Durgapur

Comments
Post a Comment