দুটি কবিতা ।। শামীম নওরোজ
কালের পুতুল
হিংস্রতার কোনো শত্রু-মিত্র নেই
যে ভালোবাসতো, সে এখন শকুনের বন্ধু
যে ভালোবাসতো না, সে এখন কোকিলের গান
কতিপয় প্যাঁচা সন্ধ্যার ইমন কল্যাণে মুগ্ধ
কুকুরের আর্তনাদ ক্ষুধার্ত মানুষের গোঙানি বলে মনে হয়
মাটির হিংসায় পোড়ে কালের পুতুল
এ কোনো জীবন নয়, জীবনাংশ মাত্র
প্রেমের কোনো জাত-বিজাত নেই
ভালোবাসা প্রতিদিন লাঠিয়াল হয়ে হিংস্রতাকে তাড়া করে ফেরে
পাখি
পাখি উড়ে যায় আকাশের নীল বাড়িতে
ডানার ভাঁজে লুকানো থাকে ক্লান্তির দিনক্ষণ
তার চোখে জল নেই, তবু ঢেউ ছোঁয়া চোখ
তার ঠোঁটে গান নেই, তবু সুর ছোয়া ঠোঁট
পাখি দিগন্তে বাঁধে ঘর
বাতাসের সঙ্গে কথা বলে
পাখি উড়ে যায় মেঘের উল্লাসে
গাছে গাছে পাখি ডাকে
পাখি ডাকে পাতায় পাতায়
পাখি উড়ে যায়
রেখে যায় পালকের ছায়া
------------------
শামীম নওরোজ
ঝিনাইদহ : ৭৩০০.
বাংলাদেশ।

Comments
Post a Comment