মানরক্ষে
অরবিন্দ পুরকাইত
ভক্তজনে মনে মনে দেয় যে কত গালি
সামনে এনে সাজিয়ে কি নেয় কেড়ে কেউ থালি!
দিলাম এমন জয়ধ্বনি জেতার আগে জিতে
কেমন বিড়ম্বনায় ফেলে! কাটব কীসের ফিতে!
কত কথাই বলে ফেলি খুব বড় মুখ করে
খাড়া করে যতেক শত্রু পরে এবং ঘরে।
এমন করলে মান কি থাকে একটা কিছু করো
রাঘববোয়াল নাই বা পার, চুনোপুঁটি ধরো।
পরের শাস্তি ভীষণ কঠিন, আছে তার উপরে
ঘরের শাস্তি, নেহাত কি কম! কে শব্দ টুঁ করে?
নজরকাড়া ছাড়ো যা হোক সেটাই বা কম কীসে
ব্যর্থতাটা ঢাকুক কিছু মিলুক খানিক দিশে।
==========

Comments
Post a Comment