জেগে ওঠে
সুমিত মোদক
বাউলের গলা টিপে ধরলে
লালন সাঁই সমাধি মধ্যে কাঁদে;
কাঁদে বাংলা ভাষা, মাটির সুর…
মানুষ পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে
শ্বাস নিতে কষ্ট হয় ভবিষ্যতের;
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে
সর্বহারা চোখ;
মাটির প্রতিমার মুণ্ড কেটে নিলে
চুপ করে থাকে দখিনা বাতাস,
প্রীতি ও বুদ্ধি;
হারিয়ে যায় জন্ম ভিটে;
দিন দুপুরে নাবালিকা
তুলে নিয়ে যায় নেকড়ের দল;
সনাতনী শরীর নিয়ে উল্লাসে মাতে;
ফাঁকা মাঠে পড়ে থাকে
গোটা এক জাতি, মানচিত্র;
ঠাকুর শিল্পীর
রক্তাক্ত মৃত দেহের উপর উৎসব
শুরু হলে জেগে ওঠে
কর্ণসুবর্ণের শশাঙ্ক, গৌড়ের মাটি।

Comments
Post a Comment