বিরতিবিহীন অন্ধকারে ডুবে যাচ্ছে পরিযায়ী জীবন
শেখ আব্বাস উদ্দিন
দুর্ভিক্ষের আলোয় শুকনো জীবন,
মাঝে জোনাকির আলো বিরতি চিহ্নের
ঘুমের মধ্যে উচ্ছেদ চলছে
শ্বাস-প্রশ্বাসহীন আমাদের জীবনে
বোধনের গান গাইছে না কেউ।
অবসন্ন সন্ধ্যায় বাগানের ঈশান কোণের
২৩ বসন্ত পেরিয়ে আসা আতাফলের গাছটার ফাঁক দিয়ে
তাকিয়ে দেখি নিরন্ন বালিকার মুখের মত দ্বাদশীর চাঁদ।
চোখে তার নোনা জলে।
মনে হয় ভাতের আশায় চেয়ে রয়েছে
পীড়িত পৃথিবীর দিকে
দুশ্চিন্তার কালো ছাপ সারা অঙ্গে।
বাগানের ২৩ বসন্তের গাছটিও নধর যুবতীর মত নয়
শীর্ণ চেহারা তার ডালে ডালে কিছু ফল ঝুলে আছে
অপুষ্টিতে ভোগা শিশু কন্যার মত ..!
গণতন্ত্রের মিথ্যা গাছ বসানোর যে প্রকল্প হাতে নিয়েছে প্রাদেশিক সরকার
ক্ষমতা দখলের কারসাজি ছাড়া তাকে আর কি বলা যায় তাকে।
আমার বিশ্বাসের গা ঘেঁষে গড়ে তুলছে মন্দির
আর রাষ্ট্র গিলে নিচ্ছি আমাদের নিস্পাপ আবেগ
বুঝতে পারিনা রাষ্ট্রের মতো এত মজবুত একটি প্রতিষ্ঠান কিভাবে ভূলে যায় বিবেকের সংজ্ঞা।
কিভাবে বিভেদ বিছিয়ে রাখে পথে ঘাটে।

Comments
Post a Comment