দুটি কবিতা ।। বিবেক পাল
বিশ্বাস
অন্ধ ধৃতরাষ্ট্রের রাজত্বে—বিপন্ন অস্তিত্ব। এই ক্ষয়িষ্ণু সময়েঅন্তমিল খুঁজি না তাই কবিতায়।
শকুনির পাশার চালেবিপর্যস্ত রাষ্ট্র, ধর্মের সুড়সুড়িতেপৈশাচিক উল্লাসে প্রাণ কেড়ে নেয় নিরীহ যুবকের—
বিপন্ন মানুষ জোট বাঁধে হিম শীতল রাজপথে,পৈশাচিক উল্লাসের আঁতুড় ঘর পোড়াতে।
ধর্মীয় মৌলবাদী নৃশংসতার বিরুদ্ধে উতরোল মানুষ ধর্মের ধ্বজা পদদলিত করেশহীদ হবে বলে!
কাঁটাতারবিহীন মুক্ত আকাশে বেড়ায় ভেসে শান্তির স্বরলিপি—ভরসা আর বিশ্বাসে।
তবুও
শিশিরের ভারে নতজানু
শীতের সকাল
হিমেল বাতাস ছুটে বেড়ায়
কুয়াশা ভরা বুকে
আবাল-বৃদ্ধ রোদ পোহায়
নিকানো উঠোনে।
সোনালী ফসলে ভরা
দিগন্ত জোড়া মাঠ
নতুন ধানের গন্ধ মিশে
খেজুরের রসে
অলি গুঞ্জরিয়া বেড়ায়
হলুদ সর্ষে ক্ষেতে।
নিকানো উঠোন ভরে ওঠে
পরম্পরা আলপনায়
স্নেহ মাখা হাসি খুশিতে
বধূর পায়ের ছন্দে ঢেঁকি নাচে
নতুন চালের সুগন্ধে
নবান্ন কড়া নাড়ে দ্বারে।
বুকের ভিতরে দলা পাকায় স্মৃতি
ঘুমের ভিতর জেগে উঠে চাষী
ঘর পোড়া গরু ডরায়
সিঁদুরে মেঘে—
তবুও জীবন স্বপ্নময় ।
--------------------------

Comments
Post a Comment