পটভূমি
পুলকরঞ্জন চক্রবর্তী
বাবা আমাকে বলেছিল, যেতে যদি হয় তবে পাহাড়ে যাও।
পাহাড়ের সামনে চেয়ারে বসে যখন হাতে নেবে
চায়ের কাপ, দেখবে
শাহেনশার চেয়ে তুমি কম কিছু নও।
মেজো মামা, সেজোকাকী, ন'কাকা,
সবাই একবাক্যে সমর্থন করলো সে কথা,
যদি যেতেই হয়, তবে চলে যাও পাহাড়ে ।
পাহাড় ঘেরা ঘন পাইনের জঙ্গলে
ভিনদেশি মেঘেরা দিন রাত কথা বলে চলে।
বাবা বলেছিল, চিন্তা করতে করতে
শুকিয়ে যাচ্ছিস তুই, যা একটু ঘুরে আয়,
পাহাড়ে যদি যাস, দূরে নয়,
চলে যা সিটং বা তাকদায়।
ওখানে বনে বনে মেঘ বালিকা খেলে বেড়ায়,
গাছে গাছে পাখি ঘোরে,
তোর চিন্তিত চোখের পাতায় ঘুম এনে দেবে ওরা,
পরম আদরে ।
আসলে, বাবা পাহাড় ভালো বাসতো খুব।
একটা পাহাড়, সামনে নির্জন বন ভূমি, পাশে একটা নদী আর তার পাথুরে অববাহিকা।
এর চেয়ে ভালো সঙ্গী আর কি হতে পারে?
পাহাড় যাবো শুনে ডুকরে কেঁদে উঠেছিল আমার মা, ছেলে সন্ন্যাসী হয়ে যাবে ভেবে সায় দেয়নি মন।
অজানা ভয় তাড়িয়ে বেড়িয়েছিল তাকে।
ছোট মামা নাকি পাহাড়ে গিয়ে হারিয়ে গিয়েছিল একদিন, ফিরেছিল সন্ন্যাসী হয়ে।
সংশয় আর সাহসের অভাবে আমারও আর পাহাড়ে যাওয়া হয়ে ওঠেনি।
আমার চিন্তিত বাবা, চেষ্টা করেও আমার চোখে ঘুম আনতে পারেননি।
---------------------------------------
পুলকরঞ্জন চক্রবর্তী পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র ।
ঠিকানাঃ জটাধরপুর, ডাকঘর- কলোড়া ( KALARA) ,
জেলা- পশ্চিম মেদিনীপুর- 721146

Comments
Post a Comment