ভাগের বাবা
দীনেশ সরকার
সুশীলবাবু তার সংসারটাকে ধরে রাখতে পারলেন না। শেষ পর্যন্ত সংসারটা ভেঙেই গেল। তিন ছেলেকে তিনি এও বলেছিলেন, 'যতদিন আমরা জীবিত আছি তোরা একসঙ্গে থাক। আমাদের মরার পর তোরা যে যার মতো সংসার করিস।' তাও শেষ রক্ষা হ'ল না। মনের দিক থেকে তিন ছেলে অনেকদিনই আলাদা হয়ে গিয়েছিল। শুধু হেঁসেলটাই জোড়া ছিল, সেটাও এবার ভেঙে গেল। অথচ সামান্য প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে সুশীলবাবু কী কষ্টটাই না করেছেন। তিন ছেলে, দুই মেয়েকে শিক্ষিত করেছেন। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। তারসঙ্গে সমানতালে কষ্ট করেছেন তার সহধর্মিনী সুলোচনাদেবী। তিন ছেলেই এখন স্বাবলম্বী। বড় ছেলে ব্যাবসা করে, বাকি দুই ছেলে চাকরি করে। তিন ছেলের বিয়ে দিয়েছেন। বড় বউমা একটু কম শিক্ষি্তা, বাকি বউমারা উচ্চ শিক্ষিতা। ভক্তি-শ্রদ্ধা তারা যেটুকু পেয়েছেন তা ওই বড় বউমার কাছ থেকে, কম শিক্ষিতা কিনা। শ্বশুর-শাশুড়িকে ভক্তি-শ্রদ্ধা করা উচ্চ শিক্ষিতা বউমাদের অভিধানে নেই।
হেঁসেল ভাগ হ'ল। এবার বাবা-মায়ের ভাগ হওয়ার পালা। সবার আগে ছোটবউমা বলে উঠল, 'মা আমাদের দিকে থাকবে।' শাশুড়ি তাদের দিকে থাকলে রান্নাঘরের ভার শাশুড়ির উপর ছেড়ে দিয়ে তিনি ঠ্যাং নাচাতে পারবেন। মেজো বউমাও ছাড়বার পাত্রী না, বলল, 'না। মা আমাদের দিকে থাকবে।' বিনাপয়সার দাসিবাঁদি পাওয়ার সুযোগ সেও বা ছাড়বে কেন। শুরু হ'ল দড়ি টানাটানি। শেষে ঠিক হ'ল মা ছ'মাস ছোটছেলের দিকে আর ছ'মাস মেঝোছেলের দিকে থাকবে। কিন্তু বাবা? কোনছেলে বা বউমা তো বলল না বাবা আমাদের দিকে থাকবে। যে বাবা বটবৃক্ষের মত সমস্ত ঝড়-ঝাপটায় বুক পেতে দিয়ে ছেলেদের আগলে রেখেছে, ছেলেদের বড় করেছে, শিক্ষিত করেছে, সেই ছেলেদের মনে বাবার জন্য এতটুকু জায়গা নেই। বাবা আজ অপাঙক্তেয়! বাবা আজ বোঝা! বাবার ভার কেউ নিতে চাইল না! বাবা কি সন্তান মানুষ করে এই পরিণতির জন্য! ছেলেরা নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলছে, এ বলছে বাবাকে তুই রাখ, ও বলছে তুই রাখ। শেষে ছোটছেলে মুখ খুলল, 'বাবা প্রত্যেক ছেলের কাছে একমাস করে থাকবে। বড়, মেজো, ছোট, আবার বড়, মেজো, ছোট, এইভাবে।'
সুলোচনাদেবী আর চুপ থাকতে পারলেন না, গর্জে উঠলেন, 'থাক, আমাদের নিয়ে আর তোমাদের মাথা ঘামাতে হবে। আমরা ভাগের বাবা-মা হতে চাই না। তোমরা সুখে থাক। আমি এখনও তোমাদের বাবাকে দুটো ফুটিয়ে খাওয়াতে পারব। ভয় নেই, আমরা তোমাদের কাছে হাত পাতব না। ওনার পেনশনের যে কটা টাকা আসে, ওতেই আমরা চালিয়ে নেব। তোমরা ভালো থাক।'
************************
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর
পশ্চিম মেদিনীপুর---- ৭২১৩০৬

Comments
Post a Comment