শীতের নস্টালজিয়া
কাবেরী মিত্র
কন কনে শীত, হিমেল হাওয়া
জানলার শার্সি কুয়াশা ঢাকা।
আঁকিবুকি কাটি কত কি না জানি
কিছুই যায় না বোঝা,
সবই তো নিজের খেয়ালে করি।
মিঠে রোদে দেহ খানা সেকি,
চায়ের কাপের উষ্ণ ছোঁয়ায় ডুবি ।
গভীর রাতে কম্বলের ভালোবাসায়
নিজেরে কখন হারায়ে ফেলি।
বুঝি এটাই শীতের ভালোবাসা
লেপ কম্বলেরে জড়ায়ে ধরি।
পিঠে পুলির গন্ধে মাতোয়ারা,
পৌষের আগমনে নস্টালজিয়া।
কোথা গেলো সেই সব দিন
তপ্ত উনানে মায়ের হাতে গড়া
পাটিসাপ্টা কিংবা দুধ পুলি
ফেলে আসা যত স্মৃতির ঝাঁপি,
ভীড় করে এসে দাঁড়ায়, দু হাত মেলি,
আজও মনে হয় ছুটে যাই চলে,
দু চোখ বন্ধ করে শ্বাস নি মায়ের কোলে শুয়ে।
পৌষ ফাগুনের মেলায়,
শীতের সন্ধ্যে বেলায় ,
যেথা মা বসে আঁচল বিছিয়ে,
স্নেহের পরশ নিয়ে।
উদ্বেলিত হৃদয়, আন্দোলিত মন,
ক্ষনিকের তরে আবেগ মথিত,
হায় কোথা কেউ নাই।
শুধু স্মৃতির ঝাঁপি খানি
রয়েছে চেয়ে হয়ে কত অসহায়।
===============

Comments
Post a Comment