স্বপ্নে দেখা গাঁ
স্বাতী রায় চৌধুরী
চাঁদের আলোয় বানভাসি
সেই ছোট্ট একটি গাঁ
কোন সে জেলা কোন সে তালুক
তা তো জানিনা
বয়ে চলা শীর্ণ নদ এক
বর্ষাতে প্রবল
ধুয়ে দিত এপার ওপার
পেতাম না তার তল
জোনাক জ্বলা সন্ধ্যা রাতে
ঝিঁঝিঁ পোকার ডাক
শুনতে শুনতে ঘুমের দেশে
স্বপ্নকে সাত পাক
অরুণ, বরুণ, কিরণমালা
সঙ্গী, সাথী যত
সবার চোখে আমার মতই
স্বপ্ন শত শত,
এই জীবনে স্বপ্ন দেখা
কখন হল শেষ?
কোথায় যেন হারিয়ে গেল
স্বপ্নে দেখা দেশ,
আজও খুঁজি আঁদাড় বাঁদাড়
শহরতলীর ভিড়ে
সেই স্বপ্নে দেখা ছোট্ট গাঁ
আর গাঁয়ের ছেলেটিরে

Comments
Post a Comment