কুশীলব
আলাপন রায় চৌধুরী
কত রকমারি আলো! বড়-ছোট ঘুপচি
ঘরগুলোয় এক-একটা সিনেমার দৃশ্য!
চৌকো জানালা, না টিভির স্ক্রিন? আচ্ছা,
আজকাল টিভি দেখে কেউ? দেখেছই তো!
শুনতেও পাচ্ছো। সিনেমার ভেতর সিনেমা।
গাঁক-গাঁক করে টিভি চলছে, বাপরে!
প্রতি ফ্ল্যাটের কোনো না কোনো ঘরে
কেউ না কেউ বোকা বাক্সতে বন্দী!
ওই ফ্ল্যাটে ফুড ডেলিভারি দিয়ে
চলে গেল বাইক; খাবারের গন্ধ
ভেসে আসছে! ওদিক থেকেই কি?
নাকি অন্য ফ্ল্যাট থেকে? বেশ রিচ!
দেখতে পাচ্ছি আরেকটা ফ্ল্যাটে
কেউ রান্না নিয়ে ব্যস্তI কেউ বা...!
কোথাও চলছে অন্য কোনো সিন;
হাঁচি বা চিৎকার, হাসি বা কান্না...।
এই তো সেদিন একটা খুন হয়ে গেল!
ভূতের ভয়ে ফ্ল্যাটটায় তালা ঝুলছেI
সুইসাইড কেসগুলোতেও তাই হয়েছেI
আচ্ছা, এখন থাক সে-সব কথা।
কিছু স্ক্রিন ব্ল্যান্ক; কিছু কালো।
সদ্য-নির্মিত ফ্ল্যাটটার সব জানালাও
কালো; আগুন-লাগা বহুতলের মতো
পুরো বিল্ডিং-টাই অন্ধকার। শিল্পীদের
অপেক্ষায় দিন গুনছে...। উমম, বলো,
পায়রার খোপে কি মানুষের পোষায়?
....................................

আলাপন রায় চৌধুরী।
সুভাষনগর, দমদম, কলকাতা- ৭০০০৬৫
Comments
Post a Comment