শারদীয়া
শীলা সোম
ঢ্যাম কুড়কুড় বাদ্যি বাজে, ঢাকেতে পড়ে কাঠি,
ঢাক না হলে শারদীয়ার, উৎসব যে মাটি।
বছর ঘুরে বাপের বাড়ি, আসেন মা পার্বতী,
সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষী সরস্বতী।
বাহনেরা সব থাকে সাথে, এদিক ওদিক চায়,
মায়ের বাহন পশুরাজ, কেবলি গর্জায়।
মাথার উপরে ভোলানাথ, গঙ্গা যে তাঁর শিরে,
অসুরটা যে বেরিয়ে পড়ে মোষের পেট চিরে।
মন্ডপ জুড়ে কচিকাঁচারা, করে কোলাহল,
নতুন জামা কাপড় পড়ে আনন্দে বিহ্বল।
মাতৃ আরাধনায় মাতে মর্ত্যবাসীরা যত,
রাত জেগেই ঠাকুর দেখা চলে অবিরত।
ধুনুচি নাচের তালে তালে, হয় যে সন্ধ্যারতি,
দশমী এলে চোখের জলে জানাই প্রণতি।
গুরুজনদের প্রণাম, আর শ্রদ্ধা ও সম্মান,
ছোটোদের প্রতি ভালোবাসা, স্নেহ অফুরান।
শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি, সাথে মিষ্টি মুখ,
মিলনোৎসব শারদীয়ার এটাই যে সুখ।
আবার এসো গো মা, একথা সকলের মনে,
শরৎ এলেই শারদীয়া, মিলনেরই ক্ষণে।
Comments
Post a Comment