রজনীর গন্ধে ভেজা রাত
কৃষ্ণনীল
বাতাসের নরম ছায়ায় লুকিয়ে থাকো, স্বপ্নের নীলাভ কুয়াশায়
যেখানে সময়ের দেহ গলে পড়ে দুধের মতো, আঁকড়ে ধরে রাত্রির কিনারা।
আজ বিদায়ের বাঁশি তুলো না, জেলাটিনের মতো কোমল এই ক্ষণে
যেখানে তোমার ছায়া আমার রোমকূপে এসে মিশে যায়,কাঁচা লবঙ্গের গন্ধ হয়ে।
হায়, ছিন্নভিন্ন হয়ে যাব আমি, দুর পাহাড়ের নীল ফাটলে
তোমার পায়ের ছাপ যেখানে মুছে যায়, নেশাগ্রস্ত নদীর জলে ভেসে।
এমন কথা মুখে এনো না, যা স্বপ্নের আকাশ ছিঁড়ে ফেলে
আর আমি লিলাক রঙের ক্ষতে ডুবে যাই, অদৃশ্য পাখির ডানায়।
তোমার স্পর্শ ভেবে দেখো, কেন আটকে রাখব না এই ছায়াময় ঘরে
যেখানে শরীরের বন্দিশালা ভেঙে পড়ে, কুসুমের মতো নরম এক স্বাধীনতায়।
যখন উঠে চলে যাও তুমি, প্রাণ বেরিয়ে যায় সে এক অন্ধকারের গভীর গহ্বরে,
তোমার দিব্যি, প্রিয়-প্রিয়তমা, এই ছায়ার খেলা মেনে নাও, বিষণ্ণ ল্যান্ডস্কেপে।
সময়ের বন্দিশালায় জীবন বাঁধা সবার, কিন্তু এই মুহূর্তগুলো যেন স্বপ্নের জেলি
যা হারিয়ে গেলে, সারা জীবনের আর্তনাদ হয়ে উঠবে অদৃশ্য ক্ষুধার মতো।
আজ বিদায়ের বাঁশি ডেকো না, কত নিষ্পাপ রঙিন এই মায়াবী অন্ধকার
সৌন্দর্যের চরমোৎকর্ষে, দেখো প্রেমের বিষাক্ত ফুল হয়ে ফুটে উঠেছে।
কালের খবর কে রাখে, প্রিয়-প্রিয়তমা, আজকের রাতকে বেঁধে রাখো
যেখানে দেহের গোলাপি অনুভূতি থেকে লিলাক দুধ ঝরে পড়ে, ভেজা স্বপ্নের বন্যায় ভেসে ভেসে।
বাতাসের নরম ছায়ায় লুকিয়ে থাকো, আজ বিদায়ের বাঁশি বাজিয়ো না, দোহাই তোমার
আজ বিদায়ের বাঁশি কাঁদিয়ো না।
...........................................
।
কৃষ্ণনীল
N N Road, Kolkata -700028

Comments
Post a Comment