প্রেমিক-জন্ম
নবনীতা সরকার
নিদারুণ এক ভুলে ছিঁড়ে গেছে
যাবতীয় বিশ্বাসের ডোর
অনাকাঙ্ক্ষিত যাপনের যে ডানা
সুই সূতোয় আটকে দিয়েছিল সমাজ
তাতে লেগেছে চাপ চাপ রক্তের দাগ
তুমি বলেছিলে
মানুষ মাত্রই ভুল করে
আদতে মানতে পারলে কই !
তোমার তীর্যক চাহনিতে লেগে থাকে
তীক্ষ্ণ ছুড়ির ধার
আহত হংসীর মতো পড়ে থাকি সারাবেলা
নাভিমূলে একটু একটু করে বেড়ে ওঠে
বোধিবৃক্ষ ,ভেতরের ঈশ্বর জানে তা
সময়ের অবিরাম অনভিপ্রেত ধারাপাত
স্থানুবৎ করেছে সাংসারিক মনন
যে চোখ ভুল দেখা সয়ে গ্যছে
অথবা যে মন আয়ত্ত করেছে ভুল করার
একশো একটি কৌশল, তার কাছে
খোলা আকাশ আর জীবন সমার্থক
এটুকুর উপলব্ধি জন্য
একবার অন্তত প্রেমিক-জন্ম নিও প্রিয়...
***********

Comments
Post a Comment