ভাষার জন্য
দীনবন্ধু ঘোষ
উনিশ শো বাহান্নর আটই ফাল্গুন,
তদানীন্তন পূর্ব পাকিস্তানে মাতৃদুগ্ধের বঞ্চনার প্রতিবাদে,
ছাত্র,শিক্ষক,লেখক, বুদ্ধিজীবীর দল
ধর্মঘট ডেকে একশ চুয়াল্লিশ ধারাকে
তোয়াক্কা না করে নেমে এলো রাজপথে।
যে ভাষা প্রাণবায়ু
যে ভাষায় প্রকৃতিকে চিনতে শেখা
যে ভাষায় মায়ের আদর,উপদেশ,অনুশাসন
যে ভাষা বাংলার শিরা,উপশিরা,ধমনি,রক্ত,মজ্জায়
তার অবমাননা,তাকে ব্রাত্য করার ফতোয়া
কী করে মানতে পারে মায়ের দামাল ছেলেরা?
নিষ্ঠুর শাসকের আগ্নেয়াস্ত্র ঝলসে উঠলো,
প্রতিবাদীদের তাজা রক্তে রঞ্জিত হলো রাজপথ,
যে পোলাটা বলে গেছিল, মা ভাত বাড়ো,
বড্ড খিদা পাইছে,চানটা সেরে আসি
তার শবদেহটা রক্তস্নাত হয়ে পড়ে রইলো পথের ধুলায়।
ভাষা আন্দোলনের সেই বীজ থেকে,
ধীরে ধীরে জন্ম হলো বিশাল মহীরুহের,
ভাষা প্রেমীদের আবেদন নিবেদনকে মান্যতা দিয়ে,
রাষ্ট্র সংঘের প্যারিস অধিবেশনে একশো অষ্টআশি দেশের সমর্থনে
উনিশ শো নিরানব্বইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জন করলো একুশে ফেব্রুয়ারি,
কতো শহীদের রক্তে রাঙানো পরম শ্রদ্ধার অমর একুশে।
শ্রদ্ধায় করি মনন,শ্রদ্ধায় করি নমন,শ্রদ্ধায় করি স্মরণ
রফিক, বরকত,সালাম,জব্বার তোমাদের
যারা চির নিদ্রায় শুয়ে আছো আমতলা প্রাঙ্গণের শহীদ মিনারে।
===============
দীনবন্ধু ঘোষ
সিউড়ি, বীরভূম

Comments
Post a Comment