সঙ্কটে আমাদের মাতৃভাষা চর্চা
পুলকরঞ্জন চক্রবর্তী
আমি বাঙালি, বাংলা আমার মাতৃভাষা। আমি বাংলায় কথা বলি। বাংলা ভাষা বিশ্বের অন্যতম সমৃদ্ধ এবং সর্বাধিক প্রচলিত একটি ভাষা। বাঙালির আত্মপরিচয় ও সংস্কৃতির মূল ভিত্তি নিহিত রয়েছে তাঁর মাতৃভাষা বাংলায়। লাতিন আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাইরের ভাষার প্রভাবে স্থানীয় ভাষা হয় বিলুপ্ত হয়ে গেছে অথবা পরিসর কমে দ্বিতীয়, তৃতীয় বা ছোট কোনো ভাষায় পরিণত হয়েছে, কিন্ত প্রায় ২০০ বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসনের পরেও পৃথিবী জুড়ে বাংলা ভাষা আজও শুধু টিকে আছে এমন নয়, মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা আজও বিশ্বের পঞ্চম বা ষষ্ঠ স্থানে রয়েছে।
আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরা, বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা ৩০ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। মূলত 'মাগধী প্রাকৃত ও অপভ্রংশ ' থেকে দশম শতাব্দীর দিকে একটি স্বতন্ত্র ভাষা হিসেবে আত্মপ্রকাশ করেছিল আমাদের মাতৃভাষা বাংলা । প্রাচীন ভারতের 'ব্রাহ্মী' লিপি থেকে এর লিপির উদ্ভব হয় । কালক্রমে এটি 'কুটিল' লিপি এবং পরে 'প্রত্ন-বাংলা' বা 'গৌড়ী' লিপিতে রূপান্তরিত হয়ে আজকের বাংলা ভাষার নতুন রূপ নিয়ে এসেছে।
বাংলাই বিশ্বের একমাত্র ভাষা যার মর্যাদা রক্ষার জন্য মানুষ প্রাণ দিয়েছে। ভারত সরকার এই ভাষার গুরুত্ব বিবেচনা করে বাংলাকে 'ধ্রুপদী ভাষা' হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই যে এত মানুষ বাংলা ভাষায় কথা বলেন, বাংলা ভাষার এই যে শক্তি তার পেছনে রয়েছে দীর্ঘ সময়ের সমৃদ্ধ বাংলা সাহিত্য ও বিপুল ভাষিক জনগোষ্ঠী।
কিন্ত , সাম্প্রতিক কালে হিন্দি ও ইংরেজির অনুপ্রবেশ বাংলা ভাষার চর্চাকে ক্রমেই কোণঠাসা করে তুলছে। সঙ্কটে পড়েছে আমাদের মাতৃভাষা।
আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষার প্রাধান্য ছিল আগে থেকেই। শিক্ষা ও যোগাযোগের ভাষা হিসেবে গত কয়েক দশকে সরকারি-বেসরকারি ক্ষেত্রে ইংরেজির প্রভাব বেড়েছে দ্রুত। । অফিস-আদালতে কোনো কোনো ক্ষেত্রে একক ভাষা হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার করা হচ্ছে। ভাষা নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং সাম্প্রতিক সময়ের ভাষা গবেষণা বলছে, আগামী ১০০ বছরে বিশ্বজুড়ে ইংরেজি ভাষার আধিপত্য প্রায় নিরঙ্কুশ হতে চলেছে।
শিক্ষাক্ষেত্রে বা অফিস আদালতে হিন্দির ব্যবহার সীমিত হলেও আমাদের কথা বলায় এখন দ্রুত হিন্দি ভাষার প্রবেশ ঘটছে। হিন্দিভাষী মানুষের কাছাকাছি অবস্থানের দরুন কিংবা সামাজিক চিন্তা বদলের সঙ্গে সঙ্গে মানুষের ব্যবহৃত ভাষাতেও দ্রুত রূপান্তর ঘটে চলেছে। বাংলা, ইংরেজি ও হিন্দির মিশ্রণে এক ধরনের কৃত্রিম ভাষার জন্ম হচ্ছে, যা বাংলা ভাষার শুদ্ধতা নষ্ট করে চলেছে অবিরত।
ভাষাবিদদের মতে,অপ্রয়োজনীয় হিন্দি শব্দের এই অনুপ্রবেশের ফলে বাংলা শব্দের ভাণ্ডারই শুধু অব্যবহৃত থেকে যাচ্ছে না , কালক্রমে বিলুপ্ত হওয়ার ঝুঁকিতেও পড়েছে বাংলা ভাষা। বাংলা ভাষা প্রিয় বাঙালির জন্য এ বড় দুঃসংবাদ।
ভাষাবিজ্ঞানীরা বলেছেন , ভাষার এই পরিবর্তন স্বাভাবিক হলেও অপ্রয়োজনীয় অনুপ্রবেশ দীর্ঘমেয়াদে ভাষার কাঠামোকে দুর্বল করে দেয়।শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের বাইরের হিন্দি শব্দের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়লে তাদের নিজস্ব ভাষার শব্দভাণ্ডার ক্রমে সংকুচিত হয়ে যায়। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার ফলে বাঙালি শিক্ষার্থীদের মধ্যে বাংলা চর্চার যে ঘাটতি তৈরি হচ্ছে, তা বর্তমান সময়ের একটি গভীর উদ্বেগের বিষয়। এর ফলে মাতৃভাষার সাহিত্য, ইতিহাস ও আবেগের সাথে তাদের একটি বিচ্ছিন্নতাও তৈরি হচ্ছে। ভাষাবিদ এবং সমাজবিজ্ঞানীদের মতে, এর প্রভাব বেশ সুদূরপ্রসারী।
যারা বাংলা মাধ্যমে পড়ছে তারাও এই ভাষার মণি-মুক্তোর সন্ধানে ব্যর্থ হচ্ছে। প্রাথমিক শিক্ষা থেকেই তাদের ভাষাদক্ষতা অর্জিত হচ্ছে না। আমাদের শিক্ষা ব্যবস্থা এমনই যে শিশুশিক্ষার্থীদের একটি বড় অংশই পাঁচ-ছয় বছরের প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেও বাংলা পড়তে পারে না কিংবা পড়ে বুঝতে পারে না। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেশিরভাগই পড়ান ইংরেজিতে। উচ্চতর শ্রেণীতে বাংলায় পড়ানোর প্রধান বাধা পরিভাষা। বাংলা ভাষায় যথেষ্ট পাঠ্যবইও নেই। ছাত্র ছাত্রীরাও উত্তর পত্র লিখছেন ইংরেজিতে।
ভাষা সংস্কৃতির ধারক ও বাহক। বাংলা সাহিত্য ও রীতিনীতির চর্চা কমে যাওয়ায় পরবর্তী প্রজন্ম নিজেদের সাংস্কৃতিক শেকড় থেকে দূরে সরে যাচ্ছে না তো ?
ভাবার সময় হয়েছে। বাংলা ভাষার ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে বহুমুখী কার্যকর পদক্ষেপ নিতে হবে আমাদের। এগিয়ে আসতে হবে বেসরকারি ও সরকারি সংস্থা গুলোকে। বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর জন্য উচ্চতর শ্রেণিতে বাংলা পাঠ্যপুস্তক প্রণয়নে বিশ্ববিদ্যালয়গুলোকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে। রাস্তার সাইনবোর্ডের লেখা থেকে শুরু করে সরকারি-বেসরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে হলে নতুন করে নীতিগত ও আইনগত বিধিও প্রণয়ন করতে হবে। শুধু আবেগ আর কথা দিয়ে সত্যিকার অর্থে বাংলা ভাষার মর্যাদা বা প্রয়োগ বাড়ানো সম্ভব নয়।
যতদিন সেটা না হচ্ছে ততদিন আমাদের মাতৃভাষার সঙ্কট বেড়েই চলবে।
===========
Pulakranjan Chakraborty
Village- Jatadharpur
PO- KALARA
Dist- Paschim medinipur.
West Bengal- 721 146

Comments
Post a Comment