যৌবনের বিগত ঋণ
শম্পা সামন্ত
মন ভালোর কিছু কথা তুমি বিছিয়ে রেখেছো রোদেলা শিউলির উচাটন আনন্দে
উদবেগের আলোগুলি স্মৃতির সোপান বেয়ে উঠুক বহ্নিশিখা
আমাদের সেই পুঞ্জিভূত ক্ষোভের পাহাড় খুঁড়ে রাস্তা নির্মাণ
উপেক্ষায় পড়ে থাকা বাঁশিগুলি ধুলো ঝেড়ে তুলে রাখি আবার
শলমা জড়ির চকমকি রাত, বৃষ্টি শেষে সোঁদাগন্ধের বিকেলে
শরীর জড়ানো সুখের উপনিবেশ
ঘোমটা উঠিয়ে তৃষ্ণায় মরিচিকার দু-চোখের পরিপূর্ণ ভ্রম
বুকের ভরসা ঠেলে বেরিয়ে আসতে চায় অনুরাগের গরম লাভা
একদিন এপথে পুষ্পবৃষ্টি হোক
আবার বসন্ত মেখে নিক রঙিন পলাশে শিমুলে
এখন মাঘের পিছুটান
কচিপাতায় পেতে রাখে কিসিমের কাজল
যে পথে লিখে রাখে যাবতীয় ঋণ
সে পথে বসন্তের উদ্ভ্রান্ত যৌবনের শুভমুক্তি হোক।
=============

Comments
Post a Comment