এসো, পলাশের রঙে সাজি
জয়শ্রী সরকার
পলাশে শিমুলে ফাগুনের গান
রঙের আগুনে মেতে ওঠে প্রাণ
আনমনে ছবি আঁকি!
আকাশে-বাতাসে রঙের আবেশ
বসুধা সেজেছে পলাশেতে বেশ
আছে আর কিছু বাকি?
শিমুলে-পলাশে কৃষ্ণচূড়াতে
মিলেমিশে আছে একটি তারাতে
মনকে রাঙাই বারে বার!
পলাশের রঙে মেতে ওঠে ধরা
সবাকার মন খুশিতেই ভরা
চলে গেলে কে বা কার!
ওই এলো বুঝি দুয়ারেতে দোল
পলাশের রঙে সেজেছে মাদল
সুরের আগুনে ভেসে!
এসো সবে আজ এক হয়ে সাথে
শুভ কাজ করি হাত রেখে হাতে
জীবনকে ভালোবেসে!
*********************************
জয়শ্রী সরকার,
দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬

Comments
Post a Comment