ভালোবাসার ছোট্ট ভেলা
সতুচট্টোরাম
বলি, ও প্রেমিক মশাই,
ভালোবাসো এখনো আমাকে!
সে কথা তো মানো।
কিন্তু, আমার মনের কথা, তুমি
এখন কতটুকু আর জানো?
তুমি বলবে, "জানি জানি;
আমি সবই জানি।
তুমি যে আমার প্রিয়তমা,
আমার মনের রানি।
তোমার সুবাস, তোমার চলন,
আমি অন্ধকারেও চিনি।
নোনা জলের স্বাদ যেমন
জিহ্বা বুঝতে পারে,
চোখের কিনা সাগরের
তফাত ধরতে পারে;
আমিও ঠিক তেমন করেই
তোমার সবটা জানি।"
বাব্বা, এ তো কাব্য কথা!
ছাড়ো হে মশাই,
এসবই তোমার বানানো।
হয়তো আগে কখনো
এ সব কথা সত্যি ছিল।
আজকের কথা বলো মশাই;
আজকের কথা বলো।
যখন অঝোরে বৃষ্টি পড়ে,
আমি জানালা দিয়ে
বাইরে তাকিয়ে থাকি;
দূর আকাশে দেখি,
বৃষ্টির ছাট এসে লাগে
আমার মুখে চোখে।
তুমি কি জানো, আমি
তখন কী ভেবে চলি?
দিনের শেষে সূর্য যখন
লাল হলুদের আভা ছড়িয়ে
দূর গগনে ডুব দেয়;
আমি তখন সাঁতরে গিয়ে,
কোন পাড়ে ভেসে উঠি?
সে হদিস কি আছে তোমার?
তুমি তো তখন ব্যস্ত থাকো,
কাজের নেশায় ঘুরে বেড়াও।
জীবনের সব খরচপাতির
হিসেব নিয়ে মাথা ঘামাও।
তুমি বলবে, "বাঁচার জন্য
দরকার সে সবের; নইলে
বেঁচে থাকা হয় মুশকিল।"
বুঝলাম তো সবই, তবে...
বাঁচার মতো বাঁচলে কবে,
সে কথা তো বলো।
কষ্টে আর বুক ফাটে না,
কান্নাও গেছে শুকিয়ে।
তোমার হিসাব তুমি করো,
আমারটা চলে মনে মনে।
বেহিসাবি মনটা আমার
গড়বড় শুধু করে।
সংসার এক বিচিত্র সাগর,
তরি ডুবেছে তাই বুঝি!
ভালোবাসার ছোট্ট ভেলা
তবু এখনও আমি খুঁজি।
...... .......
সতুচট্টোরাম
9C, Baishnabghata Lane
PO : Naktala
Kolkata 700047

Comments
Post a Comment