ছড়াগুচ্ছ ।। নজমুল ইসলাম খসরু
।। শিশু শ্রমিক ।।
দু'হাত জুড়ে থাকবে বই
থাকবে কলম খাতা,
দিনে রাতে পড়বে বসে
উল্টে বইয়ের পাতা।
সেই হাতে যে খুন্তি শাবল
মাথায় ভারি বোঝা,
ছোট্ট হাতে টানছে ট্রলি
হয়ে কেমন কুজা
অফিস পাড়া দোকান ঘরে
'টি-বয়' তারা সাজে,
হোটেল মোটেল বাড়ি ঘরে
থালা বাসন মাজে।
এমনি শত শিশু কিশোর
জড়িয়ে নানা কাজে,
শিক্ষা ছাড়া হচ্ছে বড়ো
অন্ধকারের মাঝে।
।। মায়ের আঁচল ।।
মা জননী গর্ভে ধরেন
বড়ো করেন কোলে,
কথা শিখান নিজের ভাষায়
আধো আধো বোলে।
মুখে তুলে খাওয়ান তিনি
আগলে রাখেন বুকে,
সদা তিনি নজর রাখেন
সুখে এবং দুঃখে।
মায়ের কাছে ছোট্ট থাকি
হই না বড় যতো,
আদর স্নেহ শাসন বারণ
হয়না মায়ের মতো।
কষ্ট করেন স্বপ্ন দেখেন
ভালো মানুষ হবো,
জ্ঞান-গরিমা ধারণ করে
এগিয়ে তবে রবো।
মা মাম্মি আম্মা মম-
যে নামেতেই ডাকি,
মায়ের আঁচল জুড়ে যেন
সারা জীবন থাকি।
।। গাছ আমাদের বন্ধু ।।
গাছে গাছে ফুলের বাহার
ডালে ধরে ফল,
কোনটা তিতা কোনটা মিঠা
কোনটা ভরা জল।
গাছের কাঠে ঘরের শোভা
আগুন জ্বলে কাঠে,
গাছের ছায়ায় শরীর জুড়ায়
তপ্ত দুপুর মাঠে।
নিঃশ্বাসেরই রসদ জোগায়
অক্সিজেন-এর নাম,
অকাতরে বিলিয়ে তা দেয়
নেয়না কোন দাম।
ঝড় তুফানে আগলে রাখে
আঁকড়ে ধরে মাটি,
ক্ষুধা মেটায় অভাব গুছায়
বন্ধু মোদের খাটি ।
বেশি করে গাছ লাগাবো
পবো শুদ্ধ বায়ু,
দেহ মন থাকবে ভালো
বাড়বে সবার আয়ু।
---------------------------------
নজমুল ইসলাম খসরু
লাউয়াই, দক্ষিণ সুরমা, সিলেট
মোবাইল ফোন নং ০১৭১৬১০০৫৫০
Comments
Post a Comment