তিনটি কবিতা ।। প্রসেনজিৎ দাস
পরিত্যক্ত ফল
অনেকের সাথে আমার জন্ম এক বাগানে -
প্রতিশ্রুত মিষ্টি এবং মনোরম রঙের।
বীজ থেকে অংকুর হয়ে পাপড়ি ছড়িয়ে,
আমি প্রতিটি প্রত্যাশীর মতো একটি -
সাধারণ সুন্দর স্বপ্ন দেখেছিলাম।
আমি বৃষ্টি, শিলা, রৌদ্র, খরা, ঝড়ের -
সাথে মুখোমুখি হয়েছি বহুবার।
স্বপ্নের মতো ছিল এই অভিজ্ঞতা।
ছিল সে অনেক মজার আমার বেড়ে ওঠা।
ভাগ্যের বিদ্রুপে এলো এক নতুন বাঁক।
আমার আত্মার পবিত্রতা, হয়তো আমার -
স্রষ্টার কাছে গ্রহণযোগ্য হয়নি এই জন্মে।
ধরণীর বুকেই পেলাম শেষ ঠাঁই।
হলো ত্বক ক্ষতবিক্ষত, দেখলো না কেউ,
শুনলো না আমার বিধাতা, আমার ঈশ্বর !
কান্নায় করেনি কর্ণপাত, দেহের জ্বালা, কেউ -
দেখতে চায়নি, স্বীকৃতি হারালাম সেইমুহূর্তে।
সমাজের অনেক অভূত প্রাণের মতনই -
আমি জায়গা পেলাম নোংরা বর্জনের স্থানে।
চোখের জলের অধিকার, প্রতিবাদের অধিকার -
এই অসম সমাজে সবার জন্যে নয় ।
দুর্গের প্রহরী
পাথরে সাজানো, পাথরের বানানো পথ -
খাড়া দেয়াল, আজও গলিগুলো অন্ধকার ।
যুদ্ধ - যোদ্ধাই হলো যুদ্ধের সাক্ষ্য আর -
বেঁচে রয়ে যায় যেই পরিবারজন ।
তূরীর প্রতিদ্ধনি ছিল সাক্ষ্য অসংখ্য -
তরবারির সংঘর্ষের, যোদ্ধার আহুতির ।
নিদ্রাবিহীন প্রহরী সজাগ হয়ে জেগেছিলো -
কতোই না ফিরে আসা রাত্রি ।
কেউ রাখেনি হিসেবে, লেখা হয়নি কখনো -
তাদের হারানো নিদ্রা ও শান্তির কথা ।
যতদূর তাঁদের অবিরাম দৃষ্টি নিক্ষেপ হতো,
মিনার থেকে দূর গাছের ধূসর প্রান্তরে ।
বর্শা, তলোয়ারধারি তীক্ষ্ণ দৃষ্টিতে প্রহরায়,
সর্বদাই ছিল রক্ষা করার জন্যে প্রস্তুত।
রাজাদের হয়েছে উত্থান পতন, তবে সেই -
রক্ষীদের বীরত্ব আজও আছে উন্নত শিরে ।
মনন
শৈশব থেকেই আমি অনেকটাই ভিন্ন -
ছিলাম আলাদা নিজের সরল মেজাজে।
কখনো দেখিনি, যা দেখতো সবাই -
এই চোখের ছিল অন্য দৃষ্টিকোণ।
জীবনের একই ঝর্ণা স্রোত থেকে -
জ্ঞানের তৃষ্ণনা মেটাইনি আমি।
জীবনের একই নদীর তটে, আমি -
অন্যদের মতন করিনি অবাধ বিচরণ।
একই আবেগের কথা বলেছি বারংবার -
যা ঋতুর পরিবর্তনে সেজেছে নানান রঙে।
নিজেকে খুঁজে পেতে হারিয়েছে অনেকবার -
যা সূর্যের আনাগোনায় দেখিয়েছে নতুন পথ।
নিরাশার মেঘগুচ্ছ অকস্মাৎ ঝরেছে বহুবার -
কিন্তু সেই বন্যায় হারায়নি আমার সংকল্প।
আনন্দধারা এসে ডেকেছে হৃদয়ের কপাটে -
তবে সবাইকে দিইনি অতিথির স্থান।
বজ্রপাত হয়েছিল ভিন্নরূপে এই আঙিনায় -
যার রোশনাইতে দেখেছি মুখোশবিহীন মুখ।
--------------------------------------
PRASENJIT DAS
NETAJI PALLY MAIN ROAD
P.O. RABINDRA SARANI
CITY & P.S. : SILIGURI
PINCODE - 734006
DIST - DARJEELING
WEST BENGAL
Comments
Post a Comment