রম্যনাটিকা
পাত্র দেখা
সুশীল বন্দ্যোপাধ্যায়
স্থান-ভাবি বরের বাড়ি,সময় -বিকেল তিনটে নাগাদ।
উপস্থিত চরিত্র- ভাবি বর,ওর বাবা,বরের মা,বরের মাসি
ভাবি বরের একজন বৃদ্ধ প্রতিবেশী
ভাবি কনে, কনের বাবা (মা'কে নিয়ে আসা হয়নি কারণ একটু খ্যাটখ্যাটে স্বভাবের)।
(এতদিন আমরা ভাবি বরের বাড়ি থেকে কনের বাড়িতে পাত্রী দেখতে যাওয়ার কথা জানি, এটা তার উল্টো,পাত্রীই গেছে পাত্রের বাড়ি,পাত্র পছন্দ করতে।পাত্রের বাড়ির ড্রয়িং রুম, বেশ সাজানো গোছানো,দু দিকের দেয়াল বরাবর আরামদায়ক সোফা পাতা, মাঝে মাঝারি সাইজের বেশ সুন্দর মোটা কাঁচের টি টেবিল, দেয়ালে কয়েকটা আর্টিস্টিক ছবি, একপাশে ঘরের কোনায় একটা হাউইয়ান গীটার, হয়তো দেখানোর জন্য যে ছেলে গান বাজনা জানে। টেবিলে জলভরা সন্দেশ থেকে শুরু করে জয়নগরের মোয়া সবরকম মিষ্টি এসে গেছে, মেয়ের বাবা লোভ সামলে ঝকঝকে কাঁচের গ্লাসের থেকে একটু খানি জল খেয়েছেন মাত্র)
পাত্রীর বাবা। তাহলে ছেলেকে নিয়ে আসাতে আজ্ঞা হোক।
পাত্রের বাবা। নিশ্চয়ই, নিশ্চয়ই, এই,শুনছো শান্তনুকে নিয়ে এসো (হাতজোড় করে -দয়া করে কিছু মুখে দিন আপনারা)
(পাত্র পাত্রীর মুখোমুখি একটি চেয়ারে এসে বসলো,পরণে হলদে রঙের টি শার্ট,জিনস,বেশ লম্বা দোহারা চেহারা, কানের দুপাশে প্রায় নির্মূল করা চুল,একটি কানে একটি পাতলা রিং,সিথে বলতে কিছু নেই, সামনেটি ধানের গোলায় কিছু উঁচু হয়ে থাকা খড়ের মতো চুল,হাঁটুর উপর আড়াআড়ি দুহাত রেখে হাসিহাসি মুখ করে বসে পড়লো।)
পাত্রীর বাবা। কি নাম তোমার বাবা?
পাত্র। শান্তনু
মেয়ে।আবার সেই হস্তিনাপুর! আবার সেই মহাভারত! আপনাকে দেখে তো খুব শান্ত বলে মনে হচ্ছে না,তা এই নামটা ধারণ করলেন কি করে?
পাত্র মুখে কিছু না বলে আঙুল দেখিয়ে মা বাবার দিকে ইশারা করলো।
পাত্রীর।আপনার গায়ের রঙটা উজ্জ্বল হলেও চলতো-'sun-তনু',তাও তো নয়। আচ্ছা,'শান্ত'টা বাদ দিয়ে শুধু 'তনু' রাখলেই তো ভালো হতো নামটা ,আধুনিক হতো।আচ্ছা সেটলড্ যদি হয় তাহলে কিন্তু আমি ঐ নামেই ডাকবো,আপত্তি নেই তো?
পাত্রের মা।না,না আপত্তি থাকবে কেন মা? তনু তো ভালো নাম,আমার মেজো জায়ের জ্যাঠ শ্বশুরের ছেলের নাম।
পাত্রী। যিনি নামটি ধারণ করবেন,তাঁকেই বলতে দিন না। আমাদের বিয়ের পর(যদি হয়,মনে হচ্ছে হবেই!) আপনার জ্যাঠ শ্বশুরের ছেলের নামটা এফিডেভিট করে পাল্টে নিতে বলবেন।আর হ্যাঁ,রাজা শান্তনুকে ও়র গার্লফ্রেন্ড গঙ্গা যেমন শর্ত দিয়েছিলো,তেমনি আমারো কিছু শর্ত থাকবে,রাজী তো?(বয়স্করা কিছুটা জড়োসড়ো হয়ে নিজেদের সামলে নিলো)
পাত্র। হ্যাঁ, বলুন।
পাত্রী। যেমন, আপনার মা বাবাকে আমি মা বাবা বলে ডাকতে পারবো না,আঙ্কেল এবং আন্টি বলে ডাকবো,কারণ মা বাবা একটি করেই হয় আর আন্টি আঙ্কেল কম নিজের নয়।আপত্তি থাকার কথা নয়।
প্রতিবেশী বৃদ্ধ।তা ঠিক আছে মা,এখনকার দিনে চলে,তবে 'আন্টি' টা অন্ততঃ যেন থাকে শেষকালে 'আন 'টি' হয়ে না যায়,সেটা একটু দেখো।
পাত্রী। আপনি পুরোনো মানুষ হয়েও বৈষ্ণব পদাবলী পড়েন নি দেখছি,'আন-টি' মানে 'টি' বিহীন, 'আন' মানে হলো 'না',সুতরাং 'টি' আনতে বলার কোনো প্রশ্নই নেই।আমার দ্বিতীয় শর্ত হলো আমার কাজেকর্মে বাধা দেওয়া চলবে না।
প্রতিবেশী বৃদ্ধ। বলছিলাম মা,ওখানেও কাজের আগে একটা 'অ' আর কর্মের আগে একটা 'কু' থাকলে বাধা দেওয়া যেতে পারে এই ব্যতিক্রমটা রাখলে ভালো হতো না?
পাত্রী। ওগুলো বাদ দিয়েই বলেছি।আপনি যখন সরষের তেল কিনবেন তখন তাতে শেয়ালকাঁটা মেশানো থাকবে না,সেটাই তো স্বাভাবিক।তৃতীয় শর্ত হলো,আপনার গায়ের রং একটু চাপা তাতে কোন ক্ষতি নেই কিন্তু কোন কিছু চাপা দেওয়া চলবে না,সবকিছু খুলে বলতে হবে।
বৃদ্ধ(স্বগতোক্তি) 'শীতকালে লেপ তো চাপা দিতেই হবে'।
পাত্রী। আপনার পড়াশোনাটাই তো জিজ্ঞেস করা হয় নি।
পাত্র। আমার হাইব্রিড টেকনোলজিতে বেচেলার্স ডিগ্ৰি।
পাত্রী। তা,কাজটা কি?
ছেলে। এই ধরুণ উচ্চ উৎপাদন, উচ্চ ফলন এই ভাবনা আর কি!
মেয়ে। ভালো, তবে পারিবারিক উৎপাদনের উপর কন্ট্রোল রাখতে হবে কিন্তু আগেই বলে দিলাম, দিনকাল খুব খারাপ।
(পাত্রীর বাবা একটু অস্বস্তি বোধ করে মেয়েকে হালকা ঠেলা মারলো-কানে কানে বললো-সাবধানে,হাতছাড়া না হয়,একমাত্র ছেলে,ভালো আয়,তিনখানা বাড়ি)
পাত্রী। আচ্ছা,আপনার কিসে কিসে এলার্জি বলতে পারেন?
পাত্র। এমনি যে 'এলার্জি' রং থেকে আমি 'এনার্জি'তেই বেশি ইন্টারেস্টেড, তবে মার্কেটিং, শপিং মল ভিজিট,রেস্টুরেন্ট,সেলফি, রিলস্ , স্পা এইসব একটু এলার্জির আছে আরকি!
(ছেলের মাসি স্বগতোক্তি করলো-এসব আবার কি বলছে ছোঁড়াটা! এসব আমার স্বামী শুনলে তো কেলেঙ্কারি হয়ে যেতো,ভাগ্যিস নিয়ে আসি নি,প্রায়ই এসব নিয়ে ঝগড়া হয়),প্রকাশ্যে-না না,মা,আসলে বলতে চাইছে যে একা একা গেলে এলার্জি লাগে,সঙ্গে কেউ থাকলে সেটা হয় না।
পাত্রী। তাই বলুন।তা,রান্নাবান্নায় কোন এলার্জি নেই তো?
পাত্র। না না,ভালো চা বানাতে পারি, একবার সুক্তোর মশলা মাংসে দিয়ে ফেলেছিলাম তারপর থেকে চোস্ত হয়ে গেছি।তাছাড়া ইউ টিউব তো আছেই।
পাত্রী। আচ্ছা বলুন তো ভাতে ফুটবার আগে নুন দেয় না ফুটবার পর?
পাত্র। না দিলেই ভালো,এখন যা ব্লাড প্রেসারের উপদ্রব।
পাত্রী। ভেরি গুড।আচ্ছা ধরুন আমরা একসাথে রাস্তায় যাচ্ছি,দেখলাম একটি সুন্দরী মহিলা হঠাৎ মাটিতে পড়ে গেলেন,আপনি কি করবেন?
পাত্র। আমি সঙ্গে সঙ্গে ওনাকে হাতে ধরে তোলবার চেষ্টা করবো।
পাত্রী। আমার সাহায্য চাইবেন না?
পাত্র। দরকার না পড়লে অবশ্যই চাইবো না।(ছেলের মা বুঝতে পারলেন উত্তরটা সঠিক হলো না ভুল,মুখটা কেমন একটু কাঁচুমাচু হয়ে গেলো)
পাত্রী। গুড।কোন গার্লফ্রেন্ড আছে?থাকলে ক'টা?
পাত্র। এ পর্যন্ত ছিলো না, তবে মনে হচ্ছে যেন আজকেই একটা হয়ে গেছে।
পাত্রী। নাম কি?
পাত্র। নামটি এখনো জানা হয়নি।আপনি যদি একটু সাহায্য করেন তাহলে বলা সম্ভব।
পাত্রী। মানে?
পাত্র। মানে আপনার যা নাম ওঁরও ঠিক তাই নাম।
পাত্রী। মোর ইন্টেলিজেন্ট। নেশাটেশা?
পাত্র। দেখা,শোনা আর উপলব্ধি করা-এগুলোই আমার নেশা।
পাত্রী। মোস্ট ইন্টেলিজেন্ট এন্ড সেটলড্।আমার ইন্টারভিউ এখানেই শেষ হলো।এবার আপনাদের কিছু জানার থাকলে জানতে পারেন।
পাত্রের বাবা। না না মা,আমাদের তরফ থেকে তোমাকে আর কিছু বলার নেই(মেয়ের মা ও মাসি এসময় পরস্পর মুখ চাওয়াচাওয়ি করলো,হয়তো ভাবলো-বুড়োর সবটাতেই আগ বাড়িয়ে বলা চাই,পণটন কিছু দিতে হবে কিনা কায়দা করে আমরা একটু জিজ্ঞেস করতাম,তার আর জো থাকলো না)
---------------------------------------
Sushil Kumar Banerjee
Lower Chhinnamasta
Radhanagar Road
Near Muri Factory
Asansol 713325
Dist-P Bardhaman

Comments
Post a Comment