তিনটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর
পর্ণা
পিঠের ওপরে উল্কি
বাহুতে নগ্ন জরুল
পুঁথি শ্বাস বধির ।
কতবার বেআব্রু জীবন
নোংরা সোহাগে অতিষ্ঠ ঠোঁট
কাঁটা শয্যা শরীর।
ফণিমনসার তৃষ্ণা
ধূ ধূ প্রান্তরে উঠে
শুধু বালিঝড় ।
ঘৃণা দাগ
ঘৃণিত স্বাদ
এভাবেই পর্ণা বাসর ।
অন্ধ স্রোতে
অন্ধ স্রোতে
ভেসে যাচ্ছে মানুষের ঢেউ
আতস চোখে অন্ধ কিনারে
ভালো বাসা এঁকেছে কেউ ।
স্রোতের টানে আজন্ম যন্ত্রণা
আঁচলের গিঁটে বাঁধা শোক
মসৃণ চূড়ার হোঁচট
অবাধ্য অনন্তলোক ।
অন্ধ মুনীর চোখ
অন্ধত্বের নিকষতায় চুপ
গহীন অন্ধ স্রোতে
এসো কে দেবে মৃত্যু ডুব ।
ক্ষতস্থানে
যেখানে ক্ষতস্থান
সেখানে আঙুল পরশ
যন্ত্রণার পান্ডুলিপির আগুনে
পুড়েছে প্রেমিক সারস ।
সোনা ঝুরি বাগানের আলপথে
রাধা চূড়ার মৌন মিছিল হাঁটে
অশ্রুত অপেক্ষার বিকেল
স্মৃতির সরণি কাটে ।
সীমাহীন অন্ধত্ব
ভালোবাসার পোড়া প্রাচীন মুখ
কবিতার অনুভূতি
সহস্র বছরের অসুখ ।
পরিযায়ী ঘর
অনর্থ সংসার উপাখ্যান
একাকিনী অতন্দ্র রাতে
পড়ে থাকে অনাদৃত স্বাভিমান ।
==============
বিবেকানন্দ নস্কর
সম্পাদক -ছন্দের ঘ্রাণ পত্রিকা
সন্তোষ পুর
পোঃ চাঁদ পালা
ফলতা
দ:২৪ পরগনা
পিন -743503
Comments
Post a Comment