তিনটি কবিতা ।। আবিদ হাসান
অবগুণ্ঠিত বিরহ
পলকের অন্তিম চাহিবার লাগিয়া,
শতাব্দীর প্রহরের পাড়ি জমাতে হয়।
এর মাঝে চূর্ণতার ঝড়ে কতই না
সাধিত প্রেম দিশা ভুলিয়া যায়।
জীবন তার হাতছানি দেয়, তবে
বিরহের গান পলকের লাগি
পিছু টলে না।
ওহে, তোমার সনে মোর সখ্যতা কি
তব আজন্মকাল, নাকি এ কোনো
প্রতিঘাতের দোলাচল, যার বহমানতা
মোর জীবন-তরীর পবন পানে।
নব্যতা হতে ঘ্রাণে মোহিত কভু,
বিষাদ অনলের সাজে শানিত,
লহমায় যা বিবর্ণ রঙিন, যার পাড়ি
পৌঢ় বিজ্ঞ অপর পানে।
ইহার স্পর্শতা কখন যে মোর
সজীবতার চাঞ্চল্যতাকে ব্যস্ততার
ডোরে করাঘাত করিয়া প্রাণ-নাদকে
আপনার তরে বশীভূত করিয়া
রেখার ছোপে লোপাইয়াছে যাহা,
অজান্তে ক্ষণের গতিময়তা রুখিয়াছে।
এ কেমন ও দিবা-ভাবনা, রজনী-যাতনা,
যাহা নিদ্রালোকের সুরকে মায়ায় লুটিয়াছে।
রুপার কাঠির জাদুর ছোঁয়া, যাহা নিতান্ত
হারিয়াছে, তাহার পরশ বুলি করিয়াছে আড়ি।
সখারা নিলামে বসিয়াছে বচসা রচিতে
লাগি, ওহে— হয়তোবা দিবায় জ্যোৎস্না খেলিছে,
তবে তাহা যে মোর দিবসকাল মনোরথ।
আঁখির পানে পলক ফেলিয়া, যাহার
বারি ঝরিয়া যায় অঝরে, দৃষ্টির অগোচরে।
হৃদয় লাগি শোণিতের জমাট তবুও বাহে,
ভুলিবার তরে লিপ্সা রহে অগত্যা জুড়ে,
পলকের অপলক চাহনির ক্ষণে।
....
মরীচিকা
সাহারার পথে শূন্য ভূমিতে,
শুকাতর কণ্ঠে বারির খোঁজে,
ঐ দেখো, দূরে সন্ধান মিলেছে।
পা দুটি বাড়িয়ে ক্ষণ ক্রান্ত করে,
মরীচিকা বিধায় নাহি কিছু রয়।
পানির খোঁজে অমৃত পেয়ে,
পথ পানে ছুটে লোভাতুর হয়ে।
জীবন ফুরায়ে সমাধি রয় সেথায়,
ধূ ধূ এর ধরা মরীচিকা হয়ে রয়।
ধূ ধূ প্রান্তে নয়ন অবলোকনে,
সত্যই কি তবে সত্য, নাকি
মিথ্যাই হয় সত্য?
খুঁজে দেখো তবে গভীর খাঁজে, মূল্য খনিজে,
কষ্টিতে তা ঘসে মাঞ্জে।
খুঁজিছো, চাহিছো যাহা, হয়তো
মিলিলে মিলিতে পারে তাহা।
মরীচিকার পাছে নাহি ছুটিয়া,
ধরিয়া রাখো তাহা—
শূন্য সাহারার তপ্ত ধুলায়
তোমাতে মিলিছে যাহা।
....
জলরঙের খেয়া
পড়ন্ত বিকেলে সূর্য যখন ছুঁই ছুঁই,
ধরার তরে জলরেখা রচে।
ঝাঁকের পালে খেয়া ভিড়ে—
সুখপাখি তার নীড়ে ফিরে।
মূর্ছিত হৃদয় আজ যাতনায় যবে
সিক্ত রহে; নেত্রতলে ছোপ রবে।
দূর পাড়ে বসে রবির আলো
অতল গহ্বরে পাড়ি জমালো।
বহুকাল দূরে রহে
যেথা যাহার নীড় তরে,
বাহুডোর ছুঁই ছুঁই
ছায়ার পরে পড়িয়া রই—
আছো ছোঁয়ার বাহিরে।
যদি কখনো পাড়ি জমাই,
তুলিয়া লইও সাদরে আমায়।
কাগজের নৌকা সাজিয়ে আজ
মন-পবনে মুক্ত রাজ।
কাঠের ছোপে সময় রাঙে,
তরী তার ফিরে নীড়ে।
মুক্ত মেঘের তুলোয় ভিজে
জলরঙেতে ছবি আঁকে।
রেখা টেনেও ভুলিও না ওহে—
চাহিবো তোমায় জনমের তরে।
==================
আবিদ হাসান
আশুলিয়া, ঢাকা

Comments
Post a Comment