তিনটি কবিতা ।। অসীম ভুঁইয়া
দুটো স্মৃতি
দুটো স্মৃতি জুড়ে দিলে
একটি ঝরনা
প্রসব করে জন্মের ঋণ
তার অশ্রু-পথে অকারণ বাঁধ
মোহনাও থমকে আছে
নিশ্চল প্রতীক্ষায়
অদূরে শুকনো বালির চিত্রপট
ভালোবেসে তবে এই বুঝি অমোঘ সঞ্চয়
তবে তাই হোক
ধীরে ধীরে নিভে যাক "সন্ন্যাসিনী চাঁদ।"
আঁচড়
একটি আঁচড়ে দুটি সংলাপ...
জুড়ে আছে নৈঃশব্দ্যে
দুদিকে পাড়। মাঝে অশ্রু-গাথা
সেতুহীন এই যন্ত্রণার বিন্যাস
অসমাপ্ত ত্রিকোণ দ্বীপে
হৃদয় বন্দি
একটি চাঁদ কখন যেন খসে পড়ে পল্লবে।
চলমান
ভেঙে পড়ছে একটি সরণী
শব্দহীন। নিস্তেজ।
কথা সব অবিশ্বাসীর মতো
উড়ে উড়ে চলে যাচ্ছে দূরে
নির্বোধ প্রতিশ্রুতির ডানা থেকে
ছিটকে পড়ছে বৃষ্টির তির
এমন দিন। এমন রাত যেন ব্রহ্ম-জীবন
যেন এক মরুগামী ভাবনার ভেতর
আধপোড়া হৃদয়ের অবাধ সংরক্ষণ...
এ কেমন অনিশ্চিত যাপন-চিত্র!
যেখানে ভুল ও ভুলের সংস্কার
একই সোপানে চলমান
----------------------------
Asim Bhunia
C/O Raj bookstal ( Avijit Raj), puratan bazar, kharagpur, kharagpur municipality, Paschim Medinipur 721301, west Bengal.
Comments
Post a Comment