তিনটি কবিতা ।। উৎপলেন্দু পাল
১)
ভাঙনপর্ব
এখন শুধুই ভাঙন চলছে
খড়ের কাঠামোকে ভেঙেচুড়ে
তৈরি হচ্ছে সব ফরমায়েসী মূর্ত্তি
নগদ কড়ি দিয়ে কিনে নেবার শর্তে ,
মাটির প্রলেপ গলে গিয়ে
বেরিয়ে পড়েছে উলঙ্গ অস্তিত্ব
কেনাবেচা তবুও চলছে দিনরাত
অদৃশ্য কোনো ক্ষমতার অঙ্গুলী হেলনে ,
ভেঙে যাচ্ছে পুরাতন আদর্শ
আনুগত্য বিশ্বাসের মিথ ভেঙে
শুরু হয়েছে এক নব নির্মানপর্ব
ভাঙাচোড়া রাষ্ট্র ব্যবস্থার সমাধিতে ,
আমূল ভেঙে যাচ্ছে চরাচর
নিজেকেও ভেঙে নিচ্ছেন ঈশ্বর
অঙ্গপ্রত্যঙ্গে ছেনি হাতুড়ির আঘাতে
নতুন রূপে নিজেকে গড়ে তুলবেন বলে ।
২)
মনছবি
কাল সকালের দিকে
ঘাসের উপর লেগেছিল কিছু রক্তের দাগ
দুপুর পর্যন্ত তাকে মাড়িয়ে গেছে
কতো চেনাঅচেনা ঘামগন্ধী মানুষের পা
সন্ধ্যের ঠিক আগে কে যেন
একটা সাদা ফুল ছুঁড়ে দিয়েছিন ওখানে
তারপর রাত বাড়তেই
ঝমঝম ধারাপাতে ভেসে গেছে সেই ফুল
ধুয়ে গেছে সব রুধিরের দাগ
আজ সকালে সেটা শুধুই একটা মনছবি।
৩)
নবায়ন
চলো একটু খোলস বদলে নিই
বহুল ব্যবহারে জীর্ণ বাক্যগুলো
প্রতিস্থাপিত করি অনাবিষ্কৃত নতুন শব্দে ,
এসো মুখোশটাকেও বদলে নিই
ক্লান্ত অবয়বে গেঁথে তাজা বসন্ত
এক ব্যক্তিরহিত অপরিচিত অনন্য মুখে ।
===============
Utpalendu Paul
New Dabri Road (by lane)
P. O. & Dist. - Cooch Behar
PIN - 736101
W. B., India
Comments
Post a Comment