তিনটি কবিতা ।। তুষার ভট্টাচাৰ্য
ডাক হরকরা চাঁদ
ভাঙা জানালায় পূর্ণিমার ডাকহরকরা চাঁদ
উড়ে এলে
আমি মেঘের পালকে নীরবে ভাসিয়ে দিই
রূপকথা স্বপ্নের অক্ষর, কারুকাজ ;
তারপর হতাশার ঝুলকালি ঝেড়ে
জেগে উঠি বেঁচে থাকার আনন্দে l
কালের রাখাল হয়ে
এই প্রাচীন জনপদ, জল, আলো বাতাস, শস্যভূমি
অরণ্য, উর্বর পলিমাটির শিকড়ে
আমি কালের রাখাল হয়ে নীরবে ছড়িয়ে দিই
মুঠো মুঠো স্বপ্ন বীজ ;
পাললিক শিলার বুকে খোদাই করে লিখে দিই
ভোরের কৈশোরের গোপন ভালবাসার উঠোনজোড়া
স্মৃতি কথা ;
নিরর্থক এই জাবরকাটা দিনগুলির কথা ভুলে
কালের যাত্রায় বাড়িয়ে দিই পা ;
বন জোছনার গন্ধ নিয়ে একদিন পরিযায়ী পাখির মতন
উড়ে চলে যাব
ওই আকাশ গঙ্গায় ;
শুধু রেখে যাব - সন্তানের টোল পড়া গালে
স্নেহ ভালবাসার অন্তিম চুম্বনের স্মৃতি চিহ্নটুকু l
রাত জাগা স্বপ্নগুলি
দুঃখগুলি জমে জমে পাথর হয়ে গেছে ভাঙা
বুকের পাঁজরে
তবু রাত জাগা রূপকথা স্বপ্নগুলি উড়ে আসে
রুপোলি জোছনার নরম গন্ধ নিয়ে
খোলা জানালায় ;
আর তখনই চোখের অশ্রুচিহ্ন মুছে
মনের আয়নায় নীরবে আঁকি
সূর্যমুখী সকালের ছবি ;
জীবনের সব ব্যর্থতা আর অপমানের
কথা ভুলে
নুন ঘাম শ্রম জলে ভেজা হৃদয়ের জনপদে
জেগে ওঠে
বেঁচে থাকার স্বপ্ন বাসনাগুলি
নিরবধি l
===============

তুষার ভট্টাচাৰ্য
বহরমপুর মুর্শিদাবাদ
Comments
Post a Comment