তিনটি ছড়া ।। রানা জামান
আষাঢ় মাসে কদম ফুল
আষাঢ় মাসের প্রথম দিনে
ফুটলো কদম ফুল
ছোট হলুদ ফুলটা চিনতে
হয় না কারো ভুল।
বর্ষাকালে আকাশ কালো
বৃষ্টি তুমুল ঝর
স্কুলে যাওয়া শিকেয় তুলে
আটকে থাকি ঘর।
জানলা দিয়ে চেয়ে দেখি
কদম গাছের গায়
গোটা গোটা কদমের ফুল
আমার দিকে চায়।
ঝড়ো বৃষ্টি বায়ে রেখে
কদম তলায় যাই
ডালটা ধরে টেনেটুনে
একটা কদম পাই।
কদমের ফুল শুঁকতে শুঁকতে
চেতন হলে গুম
অমনি মায়ের কিলটা পিঠে
পড়ে ধুমাধুম!
হঠাৎ বৃষ্টি টাপুরটুপুর
সারা দিবস মেঘলা আকাশ
থেকে থেকে বইছে বাতাস
পড়ে নাতো বিষ্টি,
বাইরে যাওয়া বন্ধ থাকে
পথের মানুষ ছাতা রাখে
দিনটা থাকে মিষ্টি।
হঠাৎ বৃষ্টি টাপুরটুপুর
যেনো বাজে খুকুর নুপুর
কবি লিখে ছড়া,
গাঁয়ের রাখাল গরু ছেড়ে
গাছের তলে আসে তেড়ে
আমার বন্ধ পড়া।
জানলা গলে হাত বাড়িয়ে
বিষ্টির ফোঁটা দেই নাড়িয়ে
ভিজার থাকে ইচ্ছে,
পিতামাতার আছে বারণ
সর্দি জ্বরটা হবার কারণ
বই-এ পড়ি কিচ্ছে।
গাঁয়ের ছেলে গাঁয়ের মেয়ে
সবল অনেক আমার চেয়ে
রোদ-বৃষ্টিতে নাচে,
আমরা যারা শহরবাসী
একটু ঠাণ্ডায় ভীষণ কাশি
থাকি বদ্যির আঁচে।
বৃষ্টির সাথে আসে বর্ষা
আষাঢ় মাসে ঝরে বৃষ্টি
বৃষ্টি প্রভুর বিস্ময় সৃষ্টি
ভাবি আমরা কম
বৃষ্টির দিকে মেলে দৃষ্টি
ফেলি স্বস্তির দম।
বৃষ্টির সাথে আসে বর্ষা
বর্ষায় চাষির অনেক ভর্সা
জমির বাড়ে মেদ
পূর্ব দিকটা হলে ফর্সা
থাকে না তো খেদ।
প্রান্তর জুড়ে বন্যার পানি
মাছে মাছে কানাকানি
কাটে মেরে কাল
বর্ষাকালের টানাটানি
মাছে ধরে হাল।
বর্ষাকালে কদম ফোটে
চালতা ফুলের গন্ধ জুটে
কৃষ্ণচূড়ার ফুল
গাঁয়ের মেয়ে পুস্প লুটে
কানে ঝুলায় দুল।
==============
রানা জামান
আনিলা টাওয়ার
বড়বাগ,
মিরপুর-২; ঢাকা-১২১৬; বাংলাদেশ

"আষাঢ় মাসে কদম ফুল" ছড়াটি অনেক সুন্দর হয়েছে
ReplyDelete