প্রিয়া
-----------
আকাশে মরা চাঁদ
আলো নেই
দড়ির আলনায় ঝুলে আছে ঘন অন্ধকার
পাল্টে যাচ্ছে দিন
ক্ষুধা নিয়ে জন্ম নিচ্ছে কতো পৃথিবী
থেমে যাচ্ছে নদী
তৃষ্ণার বসতি জুড়ে গহন রাত
বিকৃত ইতিহাস আঁকে মেকি ইতিহাসবিদ
রক্তাক্ত পদাতিক
রঙিন দিনগুলো গুছিয়ে রেখেছিলো যারা
তারা আজ নেই
এখন চারদিকে ত্রাস
ত্রাসের সাম্রাজ্য ভাঙছে হাজারো শ্রমিক
অনিবার্য বিপ্লব
বৃষ্টি নেই কতোদিন
ছাদের টবে শুকনো চন্দ্রমল্লিকা
দাবদাহ
হৃদয় থেকে বেরিয়ে যাচ্ছে পারাবত প্রিয়া
নদী
---------
বেলা নিভে আসে
মেঠোপথ পেরিয়ে যায় সময় অসময়
অসময়ের নিত্যযাত্রী যারা
তারা নিরুদ্দেশ
উঠোন জুড়ে হাঁটুজল
শান্ত নদী এখন ঘরের ভেতর
জলে ভাসে উনোন
ক্ষুধার্ত পৃথিবী কুরে কুরে খায় চাঁদের স্তন
ইন্দ্রিয় নতজানু সারারাত
ধমনীর গভীরে জন্ম নেয় কালাপাহাড়
ঈশান কোণে আরশি মেঘ
জীবন মৃত্যু পাশাপাশি
অভিশপ্ত প্রহর
এলে তো যেতে হয়
না যেতে পারলে মৃত্যু এসে দাঁড়িয়ে থাকে
নিঃশব্দ বুকের ভেতর
এলোকেশী
------------------
আগুন ঝরছে ঘরে বাইরে
পুড়ছে দুপুর
হৃদয় পুড়ে পুড়ে তছনছ
দুপাড়ে ঝলসানো মাঠ
উপেক্ষিত বাসর
ফিরে আসে না গ্রহনের বেলা
ভালোবাসা ছিলো
এখন নেই
তবু ভুল করে ফেলে আসি বাঁশি
হাওয়া উঠলে তার গন্ধ পাই
সে নেই
তবু জিরিয়ে নিই তার ছায়ায়
প্রাণ আছে
তবু প্রাণ নেই
যখন পাশে নেই এলোকেশী
================
লালন চাঁদ।
গ্রাম + পোস্ট = কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর।
Comments
Post a Comment