মেঘের দেশে ভিজুক মন...
কাবেরী মিত্র
অন্ধকারে একলা ঘরে বসে আছি স্মৃতির জানলা খুলে,
সোনালি সেই দিনগুলোকে ফিরে পেতে,
ও বৃষ্টি, আমি তোমায় চাই ছুঁতে।
ও মেঘ, ও মেঘ, সেদিন যে কথা দিলে
জানলার ওই শার্সি ছুঁয়ে আমায় তুমি নিয়ে যাবে—তোমার প্রিয় সঙ্গী করে।
দেখব আমি বৃষ্টিগুলো কেমন করে ঝমঝমিয়ে—
পড়ে বকুল ফুলের মাথার পরে,
রামধনুরা কেমন করে আবির খেলে
নীল আকাশকে রঙিন করে।
কেমন করে বৃষ্টিফোঁটার তালে তালে
পানকৌড়ি ডুবসাঁতারে খেলা করে
গভীর জলের বুকের মাঝে,
কেমন করে মেঘেরা লুকোচুরি খেলে
ওই পাহাড়টাকে সাক্ষী রেখে।
নিয়ে যাও মেঘ—ভিজুক আমার মন,
আর কত রাখব ধরে কান্নাগুলো হৃদয় ভরে!
আবার একবার ফিরতে চাই
সেই মাতাল করা দিনগুলোতে।
ভিজুক মন, ভিজুক আমার শরীর মুছে যাক
সব অভিমান,
পাগল হয়ে উঠবো আমি অনুভবে—
তাকে ছুঁতে পেয়ে।
তোমার বৃষ্টিতে ফিরে আসুক হারানো সেই প্রাণ।
ভোরের আলো ফুটলে আসবো ফিরে আপন ঘরে
অন্ধকারে দামাল হওয়া,
একটুখানি সুখের স্মৃতির নিয়ে।
............................
কাবেরী মিত্র
কলকাতা...
Comments
Post a Comment