মা, তোমাকে আর ধরতে পারছি না...
তোমাকে আর ধরতে পারছি না...
তোমার হাতটা, পা-টা ধরতে পারছি না। তোমার মুখটা ছুঁয়ে বলতে পারছি না—
“মা, আমরা আছি।”
শুধু তোমার কবরের মাটির ওপর হাত রেখে বসে আছি। মনে হচ্ছে, এই মাটির ঠিক নিচেই তো আমাদের মা... আমাদের সেই মানুষটা, যাকে এতদিন ধরে বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রতিটি মুহূর্ত লড়েছি।
মা, তুমি কি বুঝতে পারছো, আমরা তোমার পাশেই আছি?
তুমি কি আমাদের কান্না অনুভব করতে পারছো?
তুমি কি জানো, আমরা তোমাকে ছেড়ে যেতে পারছি না?
আল্লাহ মানুষকে এত মায়া দিয়ে কেন পৃথিবীতে পাঠান, মা?
কেন এত ভালোবাসা দেন, যদি একদিন সেই মানুষটাকেই এভাবে মাটির নিচে রেখে আসতে হয়?
এই কষ্টটা যে কতটা কলিজা ছিঁড়ে দেয়, মা—আমি কোনোদিন ভাবিনি।
তোমার জন্য আমরা এখন আর কিছু করতে পারছি না।
শুধু দোয়া করতে পারছি।
হে আল্লাহ, আমাদের মায়ের কবরের আজাব সহজ করে দিন। তাঁর কবরকে নূরে ভরে দিন, প্রশস্ত করে দিন। তাঁর সব ভুলত্রুটি ক্ষমা করে দিন। তাঁকে আপনার অসীম রহমতের ছায়ায় রাখুন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন। 🤲
মা, তুমি তো গাছ খুব ভালোবাসতে।
আজ তোমার পাশে একটা টগর ফুল।
তোমার মাথার ওপরে গাছের ছায়া।
আর চারপাশে আরও কত গাছ, যেন তোমাকে ছায়া দিয়ে রেখেছে।
আরও অনেক তোমার প্রিয় ফুলের গাছ লাগিয়ে দেব আমরা, মা—খুব তাড়াতাড়ি।
হয়তো একদিন যখন সেই ফুলগুলো ফুটবে, আমরা এসে তোমার পাশে বসে বলব—
“মা, দেখো... তোমার পছন্দের ফুলগুলো ফুটেছে।”
তোমার শরীরটা আমরা আর ছুঁতে পারছি না, মা।
শুধু এই মাটিটুকু ছুঁয়ে তোমাকে অনুভব করার চেষ্টা করছি।
মা, তুমি ঘুমিয়ে থেকো...
এবার তোমার আর কোনো কষ্ট হবে না।
আর তুমি যদি আমাদের শুনতে পাও, তাহলে শুধু এটুকু জেনে রেখো—
আমরা আছি, মা।
আমরা তোমার পাশেই আছি।
আজও আছি।
সবসময় থাকব।
আল্লাহ আমাদের আবার তোমার সঙ্গে মিলিয়ে দিন—জান্নাতে, যেখানে আর কোনো বিদায় নেই।
তুমি আমাদের হৃদয়ে বেঁচে থাকবে, যতদিন আমরা বেঁচে থাকি।
আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাতাল ফিরদাউসা লাহা।
হে আল্লাহ, আমরা আপনার কাছে আমাদের মায়ের জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করছি।
আমিন। 🤲
Comments
Post a Comment