দুটি কবিতা ।। উৎপল হালদার
সুন্দরের সন্ধ্যা
নদীর বুকে জেগেছে কুলু কুলু ধ্বনি
দূরে ওই ভেসে যায় ছোট ডিঙিখানি।
একমনা মাছরাঙা শিমূলের ডালে
ধার্মিক মশাই টিকি নাড়ে তালে তালে।
নদী-বাঁকে কাদা মাখে শুকরের পাল
জেলেদল ঘরে ফেরে হাতে নিয়ে জাল।
হাঁটু জলে খেলা করে সফরীর ঝাঁক
সঁঝে সেথা শোনা যায় শেয়ালের হাঁক।
বটের শাখায় বসে নিশাচর পাখি
সন্ধ্যায় তাদের ঘুম ভেঙে যায় নাকি।
আকাশের মাঝে তারাদের উঁকি ঝুঁকি
ঝোপেঝাড়ে জোনাকিরা করে ঝিকিমিকি।
ঘাসের বনে ঝিঁঝিঁদের চেপেছে রোখ
কেয়া ঝোপে জ্বলে উঠে বড় দুটো চোখ।
রাতের তারা
ছোট ছোট তারাদের হাসি হাসি মুখ
আকাশের আঙিনায় বুকভরা সুখ।
আঁধার ভরা রাতে তাকায় মিটিমিটি
খুশি খুশি সারারাত থাকে চোখ দুটি।
গগনতলে ভাসে ঐ বুকে নিয়ে আশা
মাটির ধরণীতে ছড়ায় ভালোবাসা।
প্রতি রাতে নাচে ওরা আপনার ছন্দে
সারারাত মাখামাখি ভালোয় ও মন্দে।
রাত শেষে মুছে যায় আনন্দের ধারা
একে একে ফিরে যায় হয়ে আত্মহারা।
আমি যবে তারা হবো আকাশের বুকে
ওদের সাথে কাটাব রাত অতি সুখে।
Comments
Post a Comment