ছড়াগুচ্ছ ।। দীপঙ্কর বৈদ্য
" চলছে ম্যাজিক "
চাকরি এলো আবার গেলো
টাক্ ডুমা ডুম্ ডুম্,
রাজ্য জুড়ে চলছে ম্যাজিক
সাকা-লাকা বুম্।
চাকরিও নেই শিল্পও নেই
আলুর চপের দেশ,
মুখোশধারী সন্ন্যাসে যায়
আহা বেশ বেশ বেশ।
সরস্বতী মুখ ঢেকেছে
বন্ধ অ-আ-ক,
ভাইরাস বুঝি আসছে আবার
কাশছে খকর খ।
কালো টাকা মন্দ নেশা
চুপিসারে নেয়,
চৈতি শেষের গাজন মেলা
দু-হাত ভরে ব্যয়।
ভাতা এবার ছোঁবে আকাশ
ভয়টা কেন ভাই?
কচুপোড়া খেতেই পারো
আপদ কিছু নাই।
সকাল হলেই মিটিং মিছিল
আসছে ভোটের দিন,
শিরদাঁড়াতে ঘুন ধরেছে
চলছে ভালোই সিন।
" রঙ বদলের খেলা "
সকাল বিকাল ঘুড়ি হাতে
ব্যস্ত চ্যাঙা-ব্যাঙা,
পাখির মতো পাখনা মেলে
তারাই হবে প্যাঙা।
সূর্য হাঁটে হেলে দুলে
তিনতিরিতির পানে,
নতুন আলো ছেঁদা ফুটো
পাচ্ছে চলার মানে।
চ্যাঙা-ব্যাঙার নাম উঠেছে
ভোটার লিস্টের বুকে,
নেতার চোখে থাকবে তারা
দেয়াল-টেয়াল লিখে।
ভাল্লাগে না সারা জীবন
ভিড় বাড়ানোর মেলা,
বোবা হয়ে দেখি শুধু
রঙ বদলের খেলা।
" ভুলের খেলা "
এক্কা দোক্কা ভুলের খেলা
সকাল বিকেল সন্ধে,
ভুলের প্যাঁচে জড়ায় জীবন
সময় ছোটে ধন্দে।
একার ভুলে দোষ যে বেশি
বেশির ভুলে নাকাল!
মানুষগুলো ভাগ্যিস বোকা
বদলায় না তো হালচাল।
ভুলগুলো সব শাক চাপা দে
কাকগুলো কর বন্দি,
চুপ থেকে সব ভাবতে হবে
ঘুষ-ই অন্ধি-সন্ধি।
" ছন্দ-গন্ধ "
শেষের বাঁশি বেজে চলে
সকাল দুপুর সন্ধে,
ঘুম ভাঙানোর স্বপ্ন পালায়
রাজনীতির-ই গন্ধে।
দুখির মনে নেই কো আলো
রোদের মুখের হাসি,
ভোটের নেশায় জেগে ওঠে
দরদ-বাসা-বাসি।
আঁতেল মানুষ নীলাকাশে
আখের ভরায় মেলায়,
দুখির জীবন মেঘলাকাশে
বৃষ্টির আশা ভাসায়।
কাটাকুটি অন্ধকারে
কেউ শোনে না কথা,
স্বজন সুজন বারবেলাতে
গান গেয়ে যায় ব্যথা।
শুরুর তালে শুরুর নাচে
স্বপ্নে হাসি জোটে,
পাখির ডাকে নতুন জন্ম
জীবন সূর্য ভোটে।
" ছুটছে পোশাক "
অজপাড়াগাঁ নেই কো এখন
নেই কো আগের চল্,
নিত্য নতুন প্রযুক্তিতে
বাড়ছে তাই দঙ্গল।
লেখাপড়া শিখে সবাই
আধুনিকের পথে,
মাছের থেকে মাংস খোঁজে
দম্ভ বোঝাই রথে।
হু হু করে ছুটছে পোশাক
দেখতে সব ফিটফাট,
বাবুর বাচ্ছা যন্ত্রমানব
কাজের ঘরে ঠাট।
রক্তমানব রক্তমানব
মস্ত ফাঁকিবাজ,
মালিক বলে 'দূর হটো সব
নেই কো কোনো কাজ'।
পোশাক মানব যন্ত্র মানব
যন্ত্রণার-ই চাপে,
বাবুর পাশে কাবুর মতো
খাপ খেয়ে যায় খাপে।
_____________
দীপঙ্কর বৈদ্য
গ্রাম - চম্পাহাটি (হালদার পাড়া)
পোঃ - চম্পাহাটি
থানা - বারুইপুর
জেলা - দক্ষিণ চব্বিশ পরগনা
Comments
Post a Comment