তিনটি কবিতা ।। পদ্মাবতী কুন্ডু
কবিতা
কবিতা ভালবাসি জন্মাবধি ।
কবিতা বেসেছি ভালো সারাটি জীবন ।
ভেবেছিলাম জীবনটা হবে কবিতাময়,
কিন্তু কঠিন গদ্যময় এখন আমার জীবন।
আমার জীবনটা কাঁটাময় ঝোপঝাড় ,
আঘাতে আঘাতে দেহ থেকে রক্ত ঝরে ।
তবু কবিতাকেই ভালবাসি আমি ,
চাই ফুটাতে ফুল কাঁটাময় সংসারে ।
ওগো কবিতার দেবী,আমাপ্রাতি প্রসন্ন হও।
ফুটাও ফুল আমার কাঁটাময় দেহ 'পরে--
যে কয়দিন বাঁচি, যেন কবিতার সঙ্গেই বাঁচি,
কবিতা ছাড়া কোন বন্ধু নেই, নিঠুর এ সংসারে।
সুখে কবিতা, দু:খে কবিতা,
কবিতা থাক আমার মরণেরও পরে।
যদি একজনও পড়ে আমার কবিতা,
ধন্য জীবন মানি এ কঠিন সংসারে।
এসেছে আষাঢ়
এসেছে আষাঢ় ।
ঝরছে অমিয় ধারা ঝর ঝর ঝর।
মাটির উত্তপ্ত হৃদয়
শীতল হলো বৃষ্টির মায়ায়।
চলছে চাতকের আকণ্ঠ জলপান।
গাছে গাছে পাখিদের গান।
গুরু গুরু মেঘের গর্জন,
সাথে বিজলী মেয়ের নাচন।
বাদলের ধারা ঝরছে অবিরত,
কদম, কেয়া বৃষ্টিতে অবনত।
আনচান করে ওঠে মন।
তুমি কোথায় সুজন?
সত্য
যা সত্য, তাই শিব, তাই সুন্দর।
সত্যকে পাল্টাতে পারে কোন্ তস্কর ?
জলে নেভেনা সত্য, আগুনে না পোড়ে,
কিছুতে নেভেনা সত্য, ঝড় বইলে জোরে।
অসত্যের মেঘ যদি সত্যকে ঢেকে দেয় ,
জানবে ক্ষণিক তা,সত্যের নেই ক্ষয় ।
অজান্তেই লিখিত হবে সঠিক ইতিহাস ।
মুছে যাবে যতসব মিথ্যার আভাষ।
তাই বলি, মনে-প্রাণে সত্যকে গ্রহণ কর।
সত্যের চেয়ে পৃথিবীতে নাই কিছু বড় ।
জগৎ থেকে দূর হোক মিথ্যার যত কালো ।
চারদিক উদ্ভাসিত করুক সত্যের সোনার আলো।
যা সত্য, তাই শিব, তাই সুন্দর ।
ইহকালে ,পরকালে সত্য অবিনশ্বর ।
--------------------
ড.পদ্মাবতী কুন্ডু,
20Webster Road, ,
Scarsdale ,NY,10583
Comments
Post a Comment