তিনটি কবিতা ।। বিনিময় দাস
ভোর হবে
বেদনার কাজ একটাই
মনের পাতা জুড়ে বসা,
আর স্মৃতির দুয়ার থেকে
অশ্রুকে তুলে নিয়ে আসা ৷
আমিও সমান যোগ্যতায় থাকি বহাল,
আসার সাথে সাথেই
বেদনাকে ঝেড়ে ফেলি,
প্রত্যাশারা আবিষ্কার করে নতুন পথ-----
তার মানে ভোর হবে,
মুছে যাবে আঁধারের কালি ৷
হৃদয় বলে ---------
জীবন সংগ্রামে কখনো হেরো না,
আজীবন অবিচ্ছিন্ন পথ চলার
আমি দিয়ে যাবো প্রেরণ ৷
কৰ্মোদ্দেশ্য
দিবসে সেই কাজ করা চাই-----
যাতে রাত্ৰি কাটে সুখে,
আটমাস সেই কাজ করা চাই------
যাতে বর্ষার চারমাস মন শান্তি আঁকে ।
প্ৰথম বয়সে সেই কাজ করা চাই-------
যাতে বৃদ্ধ বয়স পার হয় আনন্দে,
যাবজ্জীবন সেই কাজ করা চাই------
যাতে পরলোক ভাসে সুমধুর ছন্দে ।
ঠাকুর ঘর
আমার একটা ঘর আছে
হৃদয়ের অন্তরালে,
রবিঠাকুরের কবিতা সাঁটা
সে ঘরের দেওয়ালে ৷
কবিতা ছাড়াও আছে সেথায়
তাঁরই গল্প , গান,
স্বরলিপি, নাটক, প্রবন্ধ, চিঠি
সেথায় পেয়েছে স্থান ৷
সে ঘরটা আমার কাছে
সৌরজগতের ছবি,
যার কেন্দ্রে বসে আছেন
বিশ্বকবি রবি ৷
আবর্তিত মন প্রণাম করে
প্রতিদিন প্রাতঃকালে,
সব অনুভব ধরা আছে
সে ঘরের দেওয়ালে ৷
আমার রবির উদয় হলো
পঁচিশে বৈশাখে,
রবির আলোয় হারিয়ে গেলাম
জীবনের আঁকে--বাঁকে ৷
আমার রবিই অস্ত গেলো
বাইশে শ্রাবণে,
অশ্রুধারা ঝরালো বিশ্বের
সব নয়ন প্রাঙ্গনে ৷
অস্ত গিয়েও অস্ত যায়নি
আপন সৃষ্টির গুণে,
রবীন্দ্রপ্রেমীর নৃত্যে , গানে
আর রবি অধ্যয়নে ৷
হৃদয়ের ঘর খুললে আমার
প্রেরণায় আসে ঝড়,
আমার মতোই বেঁচে থাকুক
প্রত্যেকের ঠাকুর ঘর ৷
-------------------------
BINIMOY DAS.
ASSTT. TEACHER OF
NAGAON BENGALI H. S. SCHOOL
M. G. ROAD
P.O.+DIST--- NAGAON
PIN--- 782 001
STATE--- ASSAM
COUNTRY--- INDIA
Comments
Post a Comment