ছড়াগুচ্ছ ।। রাজর্ষি মন্ডল
ছড়া ১
গাছের পাতা
গাছের পাতা সবুজ আঁকা
নরম শীতল ছায়া
সবুজ পাতায় আঁচল ঝরা
মায়ের স্নেহ মায়া।
গাছের ডালে দোদুল দোলে
ময়না টিয়া পাখি
মোহন সুরে গানের জাদু
একলা বসে থাকি।
ফুলের কুঁড়ি ভ্রমর অলি
রামধনু রঙ ছোঁয়া
নক্সা কাটা আলোর সাজে
স্বপ্ন আশায় ধোয়া।
গাছের গায়ে হাত বুলিয়ে
জুড়ায় মন প্রাণ
মেঘের কোলে আছে লেখা
সূর্য রোদের ঘ্রাণ।
ছড়া ২
ঝুপুর ঝাপুর ধারা
মাঠের পাশে সবুজ ঘাসে
ঝুপুর ঝাপুর ধারা
জল ছুটেছে ফুল ফুটেছে
হাসছে দেখো কারা।
পুকুর জলে মনের ভুলে
করছে হুটোপুটি
টাপুর টুপুর বৃষ্টি নূপুর
বাতাস লুটোপুটি।
শালিক ছাতার আড়াল পাতার
বাদলা ভরা মাঠে
মাখছে মাটি হাঁটি হাঁটি
প্রথম বৃষ্টি ছাটে।
ছোট্ট নদী আঁচলা বাঁধি
ছুটছে পড়িমরি
ডাকল সে ঢেউ বুঝল বা কেউ
খুকুর হাতটি ধরি।
ছড়া ৩
আমার মামা বাড়ি
আমার মামা বাড়ি
পান্তা হাঁড়ি হাঁড়ি
কচুর লতি খুব কসিয়ে
ফোড়ন দিয়ে ডাল বসিয়ে
মাছের ঝালে টক মিশিয়ে
কে খাবি রে আয়।
মামুর মুখের হাসি
খুশি রাশি রাশি
আমের বাগান চষে ফেলে
ঘুড়ির পিছে ছুট্টে গেলে
ধুলো কাদা মেখে এলে
দিন তো চলে যায়।
দিদার স্নেহের শাসন
ঠাকুর ঘরের আসন
কারেন্ট নুনের জারিজুরি
দুপুর বেলার আচার চুরি
মনসা তলায় ঘোরাঘুরি
মরা নদীর চর।
জোনাই সাঁঝে জ্বলে
আঁধার ভেসে চলে
গল্প শোনার ফাঁকে ফাঁকে
হুক্কাহুয়ার শিয়াল ডাকে
ভয়গুলো কে ভুলেই থাকে
ঘুমের দেশের ঘর।
------------------------
MR RAJARSHI MANDAL
LIC OF INDIA
JEEVAN PRAKASH BUILDING
9TH FLOOR
F & A DEPARTMENT
16, C R AVENUE
KOLKATA - 700072
Comments
Post a Comment