তিনটি ছড়া ।। প্রশান্ত কুমার মন্ডল
আমাদের ভুল
আমাদের কিছু ভুল
ভাগ করে ফেলে দেশ,
নদীর ভাঙছে কূল
মায়া এক রাখে বেশ।
কিছু কিছু করা ভুল
ছেদ করে ভাই বোন,
সংসার হয় আকুল
পর হয় নিজ জন।
কিছু কিছু সেই ভুল
ঘরকে করেছে পর,
আত্মীয় খোঁজে কূল
বুক কাঁপে থর থর।
মাঝে মাঝে ভুল কিছু
মনে রাখে চিরকাল,
বিপদ ছাড়েনা পিছু
এভাবে তোলে দেয়াল।
ভুল ভুল ভাঙো সব
রাগ দ্বেষ নয় আর,
ভাঙাভাঙি নয় রব
শোধরাও ব্যবহার।
বইয়ের ব্যাগ
মস্তবড়ো বইয়ের ব্যাগ
পিঠের উপর আছে,
চলতে থাকে টলতে টলতে
আস্তে আস্তে আসে।
অঙ্ক ক্লাস ভূগোল ক্লাস
সকল বিষয়ে স্যার
খেলাধুলা সব ভুলে গেছে
কে শুনছে কথা কার।
বাবা মা দিদি বলে রেখেছে
প্রথম হোতেই হবে,
নীল আকাশ সবুজ বন
কল্পনায় থাক তবে।
ক্রিকেট, বল,পুতুল খেলা
খেলছে সবাই বেশ
খেলার কথা বললে বাবা
হয়না বকার শেষ।
প্রথম তাকে হতেই হবে
পড়েছে এ ভাবনায়
সেই ছেলেটি হারিয়ে যায়
দূর অতলে কোথায়।
---*---
বর্ষাকাল
ঝম ঝমা ঝম বৃষ্টি নামে
সারাদিন ধরে পড়ছে পড়ছে,
গাছ থেকে গাছে জল না থামে
পাতায় পাতায় ঝরছে ঝরছে।
টিপ টিপ টিপ টুপ টাপ টাপ
জল জল জল মাঠ টল মল,
অবিরাম পড়ে গুপ গাপ গাপ
খালে বিলে মাছ ছোটে খল খল।
কই মাছ ওঠে কানি বেয়ে বেয়ে
শুকনো পুকুর জলে থই থই,
মাছ ধরে এসে ছেলে বুড়ো মেয়ে
কড় কড় কড় মেঘ ডাকে ওই।
সবুজ গাছেরা খুশি হয়ে বলে
এসো গায়ে মাখি শীতল বৃষ্টি,
যেদিকে তাকাই হাসি হাসি গাছ
কবির কলমে ফুটে ওঠে সৃষ্টি।
ভাঙা ঘর খানা জলে জল ময়
বুড়ি এক তাতে ভিজে জপ জপ,
কাঁদে বসে বসে বুকে লাগে ভয়
নিয়ে সম্বল রয়েছে নীরব।
বৃষ্টিতে সৃষ্টি নতুন লেখার
শস্য শ্যামলে যতো জমি খেতে
সবুজে সবুজে ভরবে আবার
চাষি চাষে লাগে খুশি মনে মেতে।
=================
প্রশান্ত কুমার মন্ডল
গ্ৰাম : ১নংদিঘিরপাড়, নন্দন পল্লি
পোষ্ট : ক্যানিং টাউন,দক্ষিণ ২৪পরগনা
পিন : ৭৪৩৩২৯.
Comments
Post a Comment