ছড়াগুচ্ছ ।। সাইফুল ইসলাম
১.হারিয়ে যেতে নেই মানা
হারিয়ে যেতে কে বলেছে মন খারাপের ভিড়ে
একটু হাঁটো সকাল-বিকেল পাগলা নদীর তীরে।
সোনার গাঁয়ে বয়ে চলা আঁকাবাঁকা নদী
বর্ষা এলেই খরস্রোতা বহে নিরবধি।
শহর ছেড়ে ফিরে তাকাও সবুজ শ্যামল গাঁয়ে
কলস কাঁখে গ্রামরমণী হাঁটছে পায়ে পায়ে।
ওদের সাথে পা মিলিয়ে কয়েক কদম হেঁটে
অলসপাখি দাও উড়িয়ে একটুখানি খেটে।
শীতের শিশির পা ধোয়াবে সবুজ ঘাসের আল
আমেজভরা জীবনখানি কাটাও চিরকাল।
২.ক্ষেন্তিবুড়ির বিল
গাঁয়ের পূবের মাঠ পেরিয়ে
ক্ষেন্তিবুড়ির বিল,
ওদিক পানে হাঁটতে গেলে
ছুৃড়তে হবে ঢিল।
কেউ জানে না, তাই বলে না
বয়সটা যে কত,
আঙুলগুনে কেহ কহে
লক্ষ হাজার শত।
লাঙল কাঁধের চাষি কিংবা
শাক কুড়ানো বুড়ি,
থমকে দাঁড়ায় বিলের কাছে
ছুঁড়তে ঢিল বা নুড়ি।
না ছুঁড়লে কীই বা হবে
ছুঁড়লে হবে কী
প্রশ্ন সবার মনে জাগলেও
উত্তর মেলেনি।
৩.খোকনের কীর্তি
খেলতে গিয়ে উল্টে গেল
কাঠের তৈরি গাড়ি,
ধুলোয় মাখা অঙ্গখানি
মুখ করেছে হাঁড়ি।
দিদি নিয়েছে কোলে তুলে
বাবা গেছে কাজে,
দাদু কহে,"কামটা বাড়ায়
এমন ছেলে বাজে।"
কোথায় ছিল নানা নানী
দৌড়ে কাছে আসে,
হাঁপিয়ে ওঠে বুড়ো নানা
খক খক খক কাশে।
বাড়ির লোকের কান্ড দেখে
চোখ দুটো বুজে,
হাত বাড়িয়ে খোকন সোনা
কাকে যেন খুঁজে।
--------------------
সাইফুল ইসলাম
বর্ধনপাড়া,বীরভূম
বর্ধনপাড়া,বীরভূম
Comments
Post a Comment